ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৯:৫৯:১১
ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও

খেলাধুলা ডেস্ক : ভালো খেলছেন, রান করছেন, সামর্থ্যের প্রমাণও দিচ্ছেন। তারপরও পরের ম্যাচে একাদশে থাকবেন কি না, সেই নিশ্চয়তা নেই। ভারতের বর্তমান টি-টুয়েন্টি দলে এখন এমনই প্রতিযোগিতা। কয়েকটি পজিশন ছাড়া প্রায় সব জায়গাতেই চলছে একাধিক ক্রিকেটারের লড়াই। ফলে আগের ম্যাচে ভালো খেলেও পরের ম্যাচে একাদশের বাইরে থাকতে হতে পারে কাউকে।

ওপেনিংয়েই এর সবচেয়ে বড় উদাহরণ। অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী ও সঞ্জু স্যামসনের মধ্যে কে ওপেন করবেন, তা নিয়েই আছে অনিশ্চয়তা। তিনজনই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, কিন্তু একসঙ্গে তিনজনের খেলার সুযোগ নেই।

পরিসংখ্যানের বিচারে এই লড়াইয়ে কিছুটা এগিয়ে অভিষেক। গত দুই বছরে অন্তত ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে ভারতের এই ওপেনারের টি-টুয়েন্টি স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি—১৮৭.২৪। ৫৫ ইনিংসে তাঁর দুটি সেঞ্চুরি ও ১১টি ফিফটি আছে।

তবে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর সম্ভাবনাও কম নয়। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ছয় ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ১৮৯.২১। বয়স ও অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও জিম্বাবুয়ে সফরে সিরিজসেরা হয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

অন্যদিকে সঞ্জু স্যামসনের অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্সও তাঁকে লড়াইয়ে এগিয়ে রাখে। ভারতের হয়ে সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্যামসন টানা তিনটি ম্যাচে ৯৭*, ৮৯ ও ৮৯ রান করেছিলেন। এরপর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে করেছেন দুটি সেঞ্চুরি। অথচ জিম্বাবুয়ে সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। আফগানিস্তান সিরিজে আবার ফিরেছেন দলে।

অধিনায়ক শ্রেয়াস আইয়ারের জায়গা অবশ্য নিশ্চিত। সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে না থাকা আইয়ারকেই বিশ্বকাপের পর অধিনায়কত্ব দিয়েছে ভারত। তাঁর সঙ্গে ফিট থাকলে নিয়মিত একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি যশপ্রীত বুমরার।

তিন নম্বরে ইশান কিষাণের ওপরও ভারতের যথেষ্ট আস্থা আছে। দুই বছরের বেশি সময় পর চলতি বছরের শুরুতে জাতীয় দলে ফিরে আসা ইশান দ্রুত রান তোলার ক্ষমতার জন্য পরিচিত। নিয়মিত উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবেও তাঁকেই দেখা যাচ্ছে।

মাঝের দিকে আবার অলরাউন্ডারের ছড়াছড়ি। নীতীশ কুমার, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও শিবম দুবের মধ্যে সবাই একাদশে জায়গা পাবেন না। অক্ষর ও সুন্দর স্পিন বোলিং অলরাউন্ডার, আর নীতীশ ও শিবম পেস বোলিং অলরাউন্ডার। কন্ডিশন ও দলের ভারসাম্য বিবেচনায় এদের মধ্য থেকে সর্বোচ্চ দুজনকে দেখা যেতে পারে।

বোলিংয়েও একই চিত্র। বুমরার সঙ্গে বিশেষজ্ঞ বোলার হিসেবে বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিংয়ের ওপর আস্থা আছে ভারতের। তৃতীয় পেসার হিসেবে কোচ গৌতম গম্ভীরের পছন্দ হর্ষিত রানা। তবে চোটের কারণে আফগানিস্তান সিরিজে রানা নেই।

তাই আট নম্বর জায়গাটি নিয়েও প্রশ্ন আছে। সেখানে ভারত কি একজন বিশেষজ্ঞ বোলার খেলাবে, নাকি এমন কোনো অলরাউন্ডারকে নেবে, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি কিছু ওভার বোলিং করতে পারবেন—তা নির্ভর করছে দলের ভারসাম্য ও কন্ডিশনের ওপর।

গত জুলাইয়ের ইংল্যান্ড সফরে আট নম্বরে অলরাউন্ডারকে খেলিয়েছিল ভারত। আবার জিম্বাবুয়ের বিপক্ষে একই জায়গায় খেলানো হয়েছিল বিশেষজ্ঞ বোলারকে।

অর্থাৎ, ভারতের বর্তমান টি-টুয়েন্টি দলে আগের ম্যাচের পারফরম্যান্সই একাদশে জায়গা পাওয়ার একমাত্র মাপকাঠি নয়। প্রতিপক্ষ, কন্ডিশন, দলের ভারসাম্য এবং কৌশল—সব মিলিয়েই ঠিক হচ্ছে একাদশ। ফলে ভালো খেলেও বসে থাকতে হতে পারে কাউকে। আর এ কারণেই ভারতের টি-টুয়েন্টি দলে এখন সবচেয়ে বড় প্রশ্ন—কে আছেন, আর কে নেই?

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন