ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ হরভজন চান আইসিসির ব্যবস্থা

২০২৬ নভেম্বর ২৫ ১৮:৪৮:০৩
ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ হরভজন চান আইসিসির ব্যবস্থা

খেলাধুলা ডেস্ক : ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মাঠের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। দুই দলের খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, ক্রিকেটারদের এমন আচরণ তরুণ প্রজন্মের জন্য নেতিবাচক উদাহরণ তৈরি করছে।

দোহায় রোববার এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের ম্যাচে কয়েক দফা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মাঠে দুই দলের খেলোয়াড়দের কথার লড়াই, আক্রমণাত্মক উদ্‌যাপন এবং ম্যাচ শেষে উত্তেজনা—সব মিলিয়ে আলোচনায় আসে দুই দলের ক্রিকেটারদের আচরণ।

এইচএসবিসি গলফিং লিগের উদ্বোধনী অনুষ্ঠানে হরভজন বলেন, ‘আইসিসি ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর এ বিষয়ে হস্তক্ষেপ করা দরকার। ভারত ও পাকিস্তানের খেলোয়াড়েরা জয়ের পর যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মাঠে যা ঘটেছে, তা ঠিক নয়। এটা লজ্জাজনক এবং পরবর্তী প্রজন্মের জন্য খারাপ উদাহরণ তৈরি করছে।’

ম্যাচের উত্তেজনা শুরু হয়েছিল খেলা শুরুর আগেই। টসের সময় ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মা ও পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আবদুল সামাদ পরস্পরের সঙ্গে হাত মেলাননি। গত বছরের এশিয়া কাপ থেকেই ভারত-পাকিস্তান ম্যাচে এমন দৃশ্য দেখা যাচ্ছে।

ম্যাচের দুই ইনিংসেই খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পাকিস্তানের ব্যাটিংয়ের সময় ভারতের পেসার হর্ষিত রানার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান শামিল হুসাইন ও মাজ সাদাকাত। শামিলের ক্যাচ নেওয়ার পর তাঁকে আক্রমণাত্মক ভঙ্গিতে বিদায় জানান রানা। পরে রোহাইল নাজিরকে আউট করার পরও একইভাবে উদ্‌যাপন করেন তিনি।

ভারতের রান তাড়ার সময় বৈভব সূর্যবংশীর আউটের পরও দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই হয়। শেষ দিকে হর্ষিত রানা আউট হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকিম তাঁর দিকে এগিয়ে গেলে সতীর্থরা তাঁকে থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে আম্পায়ারদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ম্যাচজুড়েই দুই দলের ফিল্ডারদের স্লেজিং নিয়েও সমালোচনা হয়েছে। ব্যাটসম্যানদের উদ্দেশে নিয়মিত মন্তব্য করতে দেখা গেছে তাঁদের। কয়েকবার তা ক্রিকেটের স্বাভাবিক স্লেজিংয়ের সীমাও ছাড়িয়ে যায়।

এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভারত ও পাকিস্তানের আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম সেমিফাইনালে ভারত ‘এ’ দল খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আর দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের প্রতিপক্ষ বাংলাদেশ। দুই দল নিজ নিজ ম্যাচে জিতলে ফাইনালে আবারও দেখা হতে পারে ভারত-পাকিস্তানের।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন