ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

জ্ঞানহীন মাকসুদ কমিশনের তরুণ প্রজন্মকে জ্ঞান দেওয়া নিয়ে আলাপ

২০২৬ এপ্রিল ১২ ২২:১১:৩১
জ্ঞানহীন মাকসুদ কমিশনের তরুণ প্রজন্মকে জ্ঞান দেওয়া নিয়ে আলাপ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনকে ইতিহাসের সবচেয়ে অযোগ্য কমিশন হিসেবে বিবেচনা ও আখ্যায়িত করা হয়। এটা সব মহলেই আলোচনা হয় এবং সবাই বিশ্বাস করে। সেই কমিশনের চেয়ারম্যান তরুণ প্রজন্মকে সঠিক জ্ঞান দেওয়ার বিষয়ে আলাপ করেছে এবং শেয়ারবাজার এগিয়ে যাবে বলে জানিয়েছে।

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানে বিএসইসির কমিশনার, জুরিবোর্ড সদস্য, নির্বাহী পরিচালক ও পরিচালকরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিএসইসি চেয়ারম্যান জানান, যদি তরুণ প্রজন্মকে সঠিক সময়ে সঠিক জ্ঞান দেওয়া যায়, তাহলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে এবং একটি সুস্থ শেয়ারবাজার বিনির্মাণে নেতৃত্ব দেবে। এ প্রতিযোগিতা শুধু একটি ইভেন্ট না। এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ শিক্ষা আন্দোলনের অংশ। আমরা চাই, এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চলমান থাকুক এবং দেশের প্রতিটি স্তরের মানুষের কাছে বিনিয়োগ শিক্ষা পৌঁছে যাক।

অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে মোট নয়টি পুরস্কার এবং ১০টি উৎসাহ পুরস্কার প্রদান করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৬০ হাজার, ৪৫ হাজার ও ৩০ হাজার টাকা এবং উৎসাহ পুরস্কারপ্রাপ্তরা ১৫ হাজার টাকা করে পান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়।

স্বাগত বক্তব্যে বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ জানান, একটি সুস্থ, স্থিতিশীল ও টেকসই শেয়ারবাজার গঠনে বিনিয়োগকারীদের যথাযথ জ্ঞান ও সচেতনতা অপরিহার্য। এ উদ্যোগের মাধ্যমে তরুণরা সৃজনশীলতার পাশাপাশি সারাদেশে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছে।

জুরিবোর্ডের সদস্য দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বিন জুলফিকার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে টেলিভিশন ও অনলাইন মাধ্যমে ভিডিওগুলো প্রচারের আহ্বান জানান। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার প্রতিযোগীদের বৈচিত্রের প্রশংসা করেন। তরুণদের সৃজনশীলতা ও গল্প বলার দক্ষতা দেশের আর্থিক শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

সুস্থ শেয়ারবাজার ও সমৃদ্ধ অর্থনীতি ক্যাটাগরিতে প্রথম স্থানে ছিল হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশের দল নতুন বাংলাদেশ। দ্বিতীয় স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দল লুজার ও তৃতীয় স্থানে ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল জিএম স্টুডিওস।

শেয়ারবাজারে ঝুঁকি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিম স্বপ্ন। দ্বিতীয় স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেমা আর্ট ও তৃতীয় স্থানে ছিল ঢাবির ডিইউ ফাইন্যান্স।

সচেতনতা বৃদ্ধি ক্যাটাগরিতে প্রথম হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল দ্য ব্লাইন্ড মেন। দ্বিতীয় হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দল আকাতসুকি ও তৃতীয় হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ইনফরমেশন স্করপিয়ন।

এছাড়া উৎসাহ পুরস্কার পেয়েছে প্রগতি, স্টক সেনসেই, এআর স্টুডিও, টিম আদরবাদর, ফিনফ্লিক্স, টিম অর্থসূত্র, টিম ক্রাইসিস, টিম এলোমেলো, টিম ফিনলিট ও টিম মুগ্ধ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে