ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেইমারকে রেখেই বিশ্বকাপ স্বপ্নে ব্রাজিল, ঝুঁকি নিতে চাননি আনচেলত্তি

২০২৬ মে ১৯ ১০:৪২:৩৬
নেইমারকে রেখেই বিশ্বকাপ স্বপ্নে ব্রাজিল, ঝুঁকি নিতে চাননি আনচেলত্তি

বিশ্বকাপ জিততে হলে দরকার একজন ‘এক্স-ফ্যাক্টর’। ব্রাজিলের সেই জাদুকর হলেন নেইমার। তাকে ছাড়া বিশ্বকাপে যাওয়ার ঝুঁকি নেননি কোচ কার্লো আনচেলত্তি। তাই সব আলোচনা ও সংশয়ের অবসান ঘটিয়ে নেইমারকে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করেছে ব্রাজিল।

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’-তে বিশ্বকাপের দল ঘোষণার সময় আনচেলত্তি যখন নেইমারের নাম উচ্চারণ করেন, তখন করতালিতে মুখরিত হয়ে ওঠে সংবাদ সম্মেলন কক্ষ। এই নামটির অপেক্ষাতেই যেন ছিলেন সবাই।

বারবার চোটে পড়ায় নেইমারকে পুরো ফিট হওয়ার শর্ত দিয়েছিলেন আনচেলত্তি। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে চোট পাওয়ার পর জাতীয় দলে আর ফেরা হয়নি তার। তবে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পান নেইমার।

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা এই ফরোয়ার্ডকে দলে নেওয়ার ব্যাখ্যায় আনচেলত্তি বলেন,‘সম্প্রতি নেইমার ধারাবাহিকভাবে খেলেছে। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তার শারীরিক অবস্থার আরও উন্নতির সুযোগ থাকবে। এ ধরনের প্রতিযোগিতায় তার অভিজ্ঞতা এবং দলের ভেতরে তার প্রতি যে ভালোবাসা রয়েছে, তা ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে এবং দলকে সাহায্য করবে।’

তিনি আরও যোগ করেন, ‘সারা বছর ধরেই আমরা নেইমারকে মূল্যায়ন করেছি। শেষ সময়ে এসে সে নিয়মিত খেলছে, যা তার ফিটনেসের উন্নতির প্রমাণ। আমরা মনে করি, সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং এই বিশ্বকাপেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তবে তার দায়িত্ব অন্য ২৫ জনের মতোই—খেলা, না খেলা কিংবা বেঞ্চে থাকা সবই দলের প্রয়োজনে নির্ধারিত হবে।’

২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের পর এবার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নেইমার। কাফু ও রোমারিওর মতো সাবেক তারকারাও তাই ব্রাজিলকে নিয়ে আরও আশাবাদী। নেইমারের বিশ্বকাপ সম্ভাবনা যখন অনিশ্চয়তায় ছিল, তখন তার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন এই দুজন। এমনকি শিরোপার জন্য অর্ধেক ফিট নেইমারকেও চেয়েছিলেন রোমারিও।

ব্রাজিল দলে চমক হিসেবে দেখা গেছে গোলরক্ষক ওয়েভারতনকে। বেন্তো ও হুগো সুজোকে বাদ দিয়ে তাকে নেওয়ার ব্যাখ্যায় আনচেলত্তি বলেন,‘এই ধরনের বড় প্রতিযোগিতার জন্য ওয়েভারতনের মতো একজন অভিজ্ঞ গোলরক্ষকের প্রয়োজন ছিল।’

ব্রাজিলের বিশ্বকাপ দল

গোলরক্ষক:এদেরসন (ফেনারবাচে), ওয়েভারতন (গ্রেমিও), আলিসন (লিভারপুল)

ডিফেন্ডার:গ্যাব্রিয়েল (আর্সেনাল), রজার ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনিওস (পিএসজি), ওয়েসলি (রোমা), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), দগলাস সান্তোস (জেনিত)

মিডফিল্ডার:দানিলো (বোতাফোগো), ফাবিনিও (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড)

ফরোয়ার্ড:মাথেউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), এনদ্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইস এনরিকে (জেনিত)

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে