ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

সাকিবের ফেরা নিয়ে কঠোর অবস্থানে ক্রীড়া প্রতিমন্ত্রী

২০২৬ আগস্ট ০৮ ১০:৫৫:৫৩
সাকিবের ফেরা নিয়ে কঠোর অবস্থানে ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দেশে ফেরা ও জাতীয় দলে খেলার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর মাধ্যমে সাকিবকে নিয়ে আগে দেওয়া নমনীয় অবস্থান থেকে সরে এলেন তিনি।

শুক্রবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, “সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।”

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি অনলাইন কনফারেন্সে অংশ নেন সাকিব আল হাসান। পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, দ্রুত দেশে ফেরা সম্ভব না হলে ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে ফিরতে চান। এরপর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

সাকিবের রাজনৈতিক অবস্থানই এখন তার দেশে ফেরার প্রধান বাধা বলে মনে করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।”

আমিনুল হক আরও বলেন, এতদিন একজন ক্রিকেটার হিসেবে সাকিবের বিষয়ে সহনশীল অবস্থান নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নেই বলে তিনি মনে করেন।

তবে এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রতিমন্ত্রী ভিন্ন অবস্থান জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে তারা আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরতে পারবেন বলে তিনি আশা করেন এবং সরকার বিষয়টি নমনীয়ভাবে বিবেচনা করতে চায়।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন