ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি

২০২৬ আগস্ট ২৪ ০৮:৪৬:৩৫
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি

দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’। ‘এক দেশ, এক কিউআর’ নীতি চালুর পর ক্যাশলেস লেনদেনে বড় ধরনের গতি এসেছে। গত দেড় মাসে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। একই সময়ে লেনদেনের আর্থিক পরিমাণ বেড়েছে প্রায় তিন গুণ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো। এসব লেনদেনে দৈনিক গড়ে ৩৭ কোটি ৩৩ লাখ টাকার কেনাকাটা করা হয়। তবে গত সপ্তাহে লেনদেনের সংখ্যা বেড়ে দৈনিক গড়ে ৩ লাখ ৩ হাজারে দাঁড়িয়েছে। আর লেনদেনের আর্থিক পরিমাণ বেড়ে হয়েছে ১১০ কোটি ৩৮ লাখ টাকা।

গত ১ জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক আলাদা কোনো প্রোপ্রাইটরি কিউআর ব্যবস্থার পরিবর্তে একক ‘বাংলা কিউআর’ ব্যবহার বাধ্যতামূলক করে। এরপর থেকেই এ ব্যবস্থায় লেনদেন উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে। একই সঙ্গে বেড়েছে বাংলা কিউআর ব্যবহারকারী মার্চেন্টের সংখ্যাও।

জুলাইয়ের শুরুতে বাংলা কিউআর ব্যবহারকারী মার্চেন্টের সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। বর্তমানে তা বেড়ে প্রায় ৩০ লাখে দাঁড়িয়েছে। এই পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে বেসরকারি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকগুলোও ভূমিকা রাখছে।

বর্তমানে মূলত দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য বা সেবা কেনার ক্ষেত্রে বাংলা কিউআর ব্যবহার করা হচ্ছে। তবে এবার ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে অর্থ স্থানান্তরেও এ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন ব্যবস্থা চালু হলে প্রত্যেক ব্যক্তির জন্য একটি নির্দিষ্ট কিউআর কোড থাকবে। সেই কোড স্ক্যান করে নিজের ব্যাংক হিসাব বা মোবাইল আর্থিক সেবা (এমএফএস) হিসাব থেকে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। এতে ব্যাংক থেকে ব্যাংক, এমএফএস থেকে এমএফএস এবং ব্যাংক থেকে এমএফএস অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর সহজ হবে।

বাংলা কিউআরভিত্তিক এই অ্যাপ ও প্ল্যাটফর্মে বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) এবং এমএফএস প্রতিষ্ঠানগুলো যুক্ত থাকবে। আগামী ১ নভেম্বরের মধ্যে ব্যক্তি পর্যায়ের এই লেনদেন ব্যবস্থা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বলেন, ক্যাশলেস লেনদেন বাড়াতে বাংলা কিউআরকে আরও সহজ ও জনবান্ধব করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়ে এ ধরনের লেনদেন চালুর পরিকল্পনা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলা কিউআরের ব্যবহার ও মার্চেন্টের সংখ্যা দ্রুত বাড়ায় দেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর উদ্যোগে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন