ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশের জয়কে বড় সতর্কবার্তা বললেন স্টিভ ওয়াহ

২০২৬ আগস্ট ২৭ ১৮:১১:১০
বাংলাদেশের জয়কে বড় সতর্কবার্তা বললেন স্টিভ ওয়াহ

খেলাধুলা ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত টেস্ট জয়কে প্রশংসা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহ। তবে একই সঙ্গে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াহ বলেন, ডারউইনে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার ছিল বড় একটি সতর্কবার্তা। ৯ উইকেটের ওই জয়ে বাংলাদেশ টানা ১১ সেশন দাপট দেখিয়ে ম্যাচটি নিজেদের করে নেয়।

বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে ওয়াহ বলেন, ‘এটি বিস্ময়কর। সম্ভবত এটাই আমাদের সবচেয়ে বড় সতর্কবার্তা ছিল। বাংলাদেশকে ভালো করতে দেখা দারুণ ব্যাপার।’

তবে ওয়াহর মূল উদ্বেগ টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। তাঁর মতে, টি-টোয়েন্টিতে অর্থ ও সুযোগ বেশি থাকায় অনেক ক্রিকেটার দীর্ঘ সংস্করণের ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন। তিনি বলেন, ক্রিকেটে নিজের সামর্থ্য যাচাই করতে চাইলে টেস্ট ক্রিকেটের বিকল্প নেই। আবার পরিবার চালানো ও বেশি অর্থ উপার্জনের জন্য টি-টোয়েন্টিকে বেছে নেওয়াটাও খেলোয়াড়দের জন্য স্বাভাবিক সিদ্ধান্ত।

তাই খেলোয়াড়দের দোষ না দিয়ে টেস্ট ক্রিকেট টিকিয়ে রাখতে ক্রিকেট প্রশাসকদের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ওয়াহ। তাঁর মতে, টেস্ট ক্রিকেটের জন্য আলাদা সময় বরাদ্দ করা প্রয়োজন।

টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের পারিশ্রমিকের বৈষম্য নিয়েও কথা বলেছেন সাবেক এই অস্ট্রেলীয় অধিনায়ক। ১৯৯৯ সালেই সব টেস্ট ক্রিকেটারকে সমান পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। ২৭ বছর পরও সেটি বাস্তবায়িত না হওয়ায় হতাশ ওয়াহ।

তিনি মনে করেন, বাংলাদেশ বা শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলা একজন ক্রিকেটারকে ভারত বা অস্ট্রেলিয়ার খেলোয়াড়ের সমান পারিশ্রমিক দেওয়া উচিত। এতে টেস্ট ক্রিকেটের প্রতি খেলোয়াড়দের আগ্রহ বাড়বে বলে তাঁর বিশ্বাস।

টেস্ট ক্রিকেটের ধরন নিয়েও ওয়াহর উদ্বেগ রয়েছে। তাঁর মতে, কঠিন পরিস্থিতিতে উইকেটে পড়ে থাকা, মেডেন ওভার খেলা কিংবা দলের প্রয়োজনে ‘কুৎসিত’ রান করার মানসিকতা এখন আগের মতো দেখা যায় না।

ওয়াহ বলেন, টেস্ট ক্রিকেটে কখনো কখনো রান না করে শুধু উইকেটে টিকে থাকতে হয়। তাঁর মতে, এই ধৈর্য ও কঠিন পরিস্থিতি সামলানোর দক্ষতা আবার নতুন প্রজন্মের ক্রিকেটারদের শেখাতে হবে।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন