ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর

২০২৬ অক্টোবর ০৪ ০৮:১৮:৩৯
জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অভিনেত্রী জাহ্নবী কপূর ও জুনিয়র এনটিআর অভিনীত ‘চুট্টামল্লে’ গানের ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র এনটিআর।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘দেবরা: পার্ট ১’ সিনেমার গান ‘চুট্টামল্লে’। সাম্প্রতিক সময়ে গানটির একটি বিকৃত ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে শনিবার প্রতিক্রিয়া জানান এনটিআর।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে ‘অসহ্য, জঘন্য ও নির্লজ্জ’ বলে উল্লেখ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একজন নারীকে এভাবে অসম্মান করা অত্যন্ত লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

বিকৃত ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের কঠোর হুঁশিয়ারি দিয়ে এনটিআর বলেন, এ ঘটনায় জড়িত কাউকেই তিনি ছাড়বেন না। তাদের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

একই সঙ্গে সাধারণ মানুষকে ভিডিওটি না দেখা এবং শেয়ার না করার আহ্বান জানিয়েছেন অভিনেতা। তাঁর মতে, আজ অন্য কারও সঙ্গে এমন ঘটনা ঘটলেও ভবিষ্যতে নিজের পরিবারের সদস্যদেরও এমন পরিস্থিতির শিকার হতে হতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন এনটিআর।

‘চুট্টামল্লে’ গানটির সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। গানটি গেয়েছেন শিল্পা রাও। তেলুগু ভাষার পাশাপাশি গানটির হিন্দি সংস্করণ ‘ধীরে ধীরে’ নামেও প্রকাশিত হয়েছে। তামিল, কন্নড় ও মালয়ালম ভাষাতেও গানটি প্রকাশ করা হয়।

‘দেবরা: পার্ট ১’ সিনেমার মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হয় জাহ্নবী কপূরের।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন