ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার

২০২৬ নভেম্বর ১৯ ০৭:৩০:৫৫
স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার

প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর নতুন ব্যবসা বা স্টার্টআপ গড়ে তুলতে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত সরকারি অনুদান দেওয়া হবে। উদ্যোগের পর্যায় ও অগ্রগতি বিবেচনায় ১ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত এ অনুদান পাবেন উদ্যোক্তারা। তবে এককালীন অর্থ ছাড় করা হবে না। নির্ধারিত লক্ষ্য ও কর্মসম্পাদনের অগ্রগতি যাচাই করে কয়েকটি কিস্তিতে উদ্যোক্তাদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো হবে।

দেশে উদ্ভাবননির্ভর ব্যবসার প্রসার এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-সংক্রান্ত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালন নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এ নীতিমালা প্রণয়ন করেছে।

নীতিমালা অনুযায়ী, নতুন ব্যবসার প্রাথমিক ধারণা পর্যায়ে ১ থেকে ৩ লাখ টাকা অনুদান দেওয়া হবে। আর পণ্যের নমুনা বা প্রাথমিক কার্যকর সংস্করণ তৈরির পর্যায়ে পাওয়া যাবে ৩ থেকে ১০ লাখ টাকা। তবে ব্যক্তিপর্যায়ে আবেদনকারীদের জন্য অনুদানের সর্বোচ্চ সীমা ৫ লাখ টাকা। এ ছাড়া বিনিয়োগের উপযোগী পর্যায়ে পৌঁছানো এবং ব্যবসা সম্প্রসারণের প্রস্তুতির জন্য ১০ থেকে ৩০ লাখ টাকা দেওয়া হবে। বিশেষ বিবেচনায় এ পর্যায়ের অনুদান বাড়িয়ে ৫০ লাখ টাকা পর্যন্ত করা যাবে।

অনুদানের অর্থ তিন ধাপে ছাড় করা হবে। চুক্তি সম্পাদনের পর প্রথম কিস্তিতে মোট অনুমোদিত অর্থের ৪০ থেকে ৫০ শতাংশ দেওয়া হবে। নির্ধারিত লক্ষ্য অর্জনের পর দ্বিতীয় কিস্তিতে ২৫ থেকে ৩০ শতাংশ এবং চূড়ান্ত প্রতিবেদন অনুমোদনের পর বাকি ২৫ থেকে ৩০ শতাংশ অর্থ ছাড় করা হবে। অর্থ ছাড়ের ক্ষেত্রে নির্ধারিত কর্মসম্পাদন সূচক ও কাজের অগ্রগতি বিবেচনা করা হবে। পুরো অর্থ ইলেকট্রনিক পদ্ধতিতে উদ্যোক্তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

অনুদানের জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক অথবা প্রবাসী বাংলাদেশি হতে হবে। তবে আগে থেকে প্রতিষ্ঠিত কোনো ব্যবসা পুনর্গঠন করে নতুন প্রতিষ্ঠান তৈরি করলে সেটিকে স্টার্টআপ হিসেবে বিবেচনা করা হবে না। অস্ত্র, মাদক, জুয়া, পর্নোগ্রাফি ও অবৈধ আর্থিক কার্যক্রমের সঙ্গে যুক্ত উদ্যোগও অনুদান পাবে না। ঋণখেলাপি, দেউলিয়া ঘোষিত ব্যক্তি এবং একই প্রকল্পের জন্য অন্য সরকারি অনুদান গ্রহণকারীরাও এ সুবিধার জন্য অযোগ্য বিবেচিত হবেন।

অনুদান অনুমোদনের ক্ষেত্রে প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর কয়েকটি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, রোবোটিকস, গভীর প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, আর্থিক প্রযুক্তি এবং কৃষিপ্রযুক্তি। পাশাপাশি তরুণ ও নারী উদ্যোক্তা এবং প্রান্তিক পর্যায়ের উদ্যোগগুলো অনুদান মূল্যায়নে বিশেষ সুবিধা পাবে।

নীতিমালায় অনুদান ব্যবস্থাপনার জন্য একটি একীভূত জাতীয় স্টার্টআপ ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আবেদন যাচাইয়ে কারিগরি সক্ষমতা, বাজার সম্ভাবনা ও উদ্ভাবনের নতুনত্বসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে। এ জন্য ১০০ নম্বরের মূল্যায়ন কাঠামো রাখা হয়েছে। পিচিং ও কারিগরি মূল্যায়ন কমিটি আবেদনগুলো যাচাই করে সুপারিশ করবে।

চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে ৩০ লাখ টাকা পর্যন্ত অনুদান অনুমোদন করবেন আইসিটি বিভাগের সচিব। আর ৩০ লাখ টাকার বেশি থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান অনুমোদনের দায়িত্ব দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রীকে। এ ছাড়া উদ্যোক্তাদের বিনিয়োগের জন্য প্রস্তুত করতে মেন্টর প্যানেল গঠন করে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

অনুদানের অর্থের অপব্যবহার ঠেকাতে ব্যয়ের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ অর্থ দিয়ে জমি বা ভবন কেনা, বিলাসবহুল গাড়ি ক্রয়, ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি কিংবা ঋণ পরিশোধ করা যাবে না। প্রকল্প শেষ হওয়ার পরও অনুদানগ্রহীতাকে অন্তত পাঁচ বছর আর্থিক হিসাব ও সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণ করতে হবে।

নীতিমালার শর্ত ভঙ্গ কিংবা অনুদানের অর্থের অপব্যবহার প্রমাণিত হলে সরকার ওই অর্থ ফেরত নিতে পারবে। এ ছাড়া অনুদান ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ বা অসন্তোষ থাকলে আইসিটি বিভাগের অভিযোগ প্রতিকার ব্যবস্থার মাধ্যমে তা নিষ্পত্তির সুযোগ রাখা হয়েছে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন