ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’

২০২৬ নভেম্বর ১৯ ০৮:৫৫:৫২
অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ অপেক্ষা ও নানা জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি’। ভারতীয় কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বুধবার (১৮ নভেম্বর) সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে। ফলে আগামী ৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা থাকছে না।

শুরুতে সিনেমাটির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ২০২০ সালে ভারত ও চীনের সীমান্তে সংঘটিত সংঘাতের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। তবে বিষয়বস্তু নিয়ে আপত্তি এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়টি সামনে আসায় সিনেমাটি নিয়ে জটিলতা তৈরি হয়। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। কিন্তু নাম পরিবর্তনের পরও মুক্তির অনুমতি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে নির্মাতাদের।

সার্টিফিকেশন বোর্ড সিনেমাটিকে ‘ইউ/এ ১৬+’ শ্রেণিতে প্রদর্শনের অনুমতি দিয়েছে। সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৪ মিনিট ১২ সেকেন্ড।

‘মাতৃভূমি’র গল্পে উঠে এসেছে ভারত ও চীনের সীমান্ত সংঘাতের প্রেক্ষাপট। সিনেমার বিষয়বস্তুতে চীনের প্রসঙ্গ থাকায় এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আপত্তি উঠেছিল। বিশেষ করে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার মধ্যে সিনেমাটি নিয়ে নানা সংশয় তৈরি হয়। অবশেষে সব জটিলতা কাটিয়ে মুক্তির পথ খুলেছে সালমানের এই সিনেমার।

সিনেমাটিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, হীরা সোহাল, দয়াশঙ্কর পাণ্ডে, জেসন থাম, অভিলাষ চৌধুরী, বিপিন ভরদ্বাজ, সমর গিল, তেনজিন বোদ, তানিয়া দেশাই, জেইন শ ও অভিশ্রী সেনসহ আরও অনেকে।

‘মাতৃভূমি’ পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি মুক্তি পাওয়ায় সালমানের ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন