ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্যাংক খাতে গভীর সংকট: ২০ ব্যাংকে মূলধন ঘাটতি ২.৭৮ লাখ কোটি টাকা

২০২৬ মে ১৮ ০৯:১০:৩২
ব্যাংক খাতে গভীর সংকট: ২০ ব্যাংকে মূলধন ঘাটতি ২.৭৮ লাখ কোটি টাকা

অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ, দুর্বল তদারকি ও লাগামহীন খেলাপি ঋণের চাপে দেশের ব্যাংক খাতে মূলধন সংকট ভয়াবহ রূপ নিয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় মূলধন ধরে রাখতে ব্যর্থ হচ্ছে একের পর এক ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক–এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিক শেষে রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি মিলিয়ে দেশের ২০টি ব্যাংক বড় ধরনের মূলধন ঘাটতিতে পড়েছে। এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা।

তিন মাস আগে, অর্থাৎ সেপ্টেম্বর প্রান্তিক শেষে মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকের সংখ্যা ছিল ২৩টি এবং ঘাটতির পরিমাণ ছিল ২ লাখ ৮২ হাজার কোটি টাকা। যদিও কাগজে-কলমে ঘাটতি কিছুটা কমেছে, অর্থনীতিবিদদের মতে এটি বাস্তব উন্নতির প্রতিফলন নয়; বরং ঋণ পুনঃতফসিলসহ বিশেষ নীতিগত সহায়তার ফল।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ব্যাংক খাতের আর্থিক সক্ষমতার গুরুত্বপূর্ণ সূচক সিআরএআর (ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটস রেশিও) ডিসেম্বর শেষে নেমে এসেছে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে, যেখানে আন্তর্জাতিক মান অনুযায়ী ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ থাকার কথা।

বিশ্লেষকদের মতে, সংকটের মূল কারণ লাগামহীন খেলাপি ঋণ। ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৩০ দশমিক ৬০ শতাংশ। এর ফলে ব্যাংকগুলোর মূলধন সংরক্ষণ সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ব্যাংকাররা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদি এই মূলধন সংকট নতুন ঋণ বিতরণ, বেসরকারি বিনিয়োগ এবং শিল্পায়নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক লেনদেন ও বৈদেশিক অর্থায়নেও দেশের ব্যাংকিং খাতের বিশ্বাসযোগ্যতা ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন