ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘স্ট্রাগলিং পিরিয়ড’ পেরিয়ে আজকের তাসনুভা তিশা

২০২৬ জুন ০৩ ০৮:৪০:৩০
‘স্ট্রাগলিং পিরিয়ড’ পেরিয়ে আজকের তাসনুভা তিশা

ছোট পর্দার পরিচিত মুখ তাসনুভা তিশা। নাটক ও ওটিটি কনটেন্টে নিয়মিত অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করলেও শৈশব ও কৈশোরে অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনাই ছিল না তার। বরং তিনি স্বপ্ন দেখতেন সংবাদ উপস্থাপিকা কিংবা রেডিও জকি (আরজে) হওয়ার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের নানা অভিজ্ঞতার কথা জানান তিশা। চলচ্চিত্রে নিয়মিত না হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বড় পর্দায় এখনো পরিকল্পিতভাবে কাজ করা হয়নি। কয়েকটি ওয়েব ফিল্মে অভিনয় করলেও সিনেমা নিয়ে তাড়াহুড়া করতে চান না তিনি। তার ভাষায়, বড় প্রোডাকশন, ভালো গল্প ও সঠিক সময়—সবকিছু মিললেই কেবল সিনেমায় কাজ সম্ভব।

ক্যারিয়ারের শুরুর দিনগুলো স্মরণ করে তিশা বলেন, পড়াশোনার পাশাপাশি কাজ করতেন তিনি। “সেই সময়টা খুব স্ট্রাগলিং একটা পিরিয়ড ছিল,”—বললেন তিনি।

২০১৩ সালের দিকে ম্যাগাজিন ও শাড়ির ফটোশুটের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হয় তার। এ ক্ষেত্রে বড় ভূমিকা ছিল প্রবাসে থাকা এক বান্ধবীর। তিশার ভাষায়, ওই বান্ধবী একটি অনলাইন বুটিকের জন্য তাকে জোর করেই ক্যামেরার সামনে নিয়ে যান। তখন তিনি ভীষণ নার্ভাস ছিলেন এবং ফটোশুট সম্পর্কে কোনো ধারণাই ছিল না।

মডেলিং নিয়ে নিজের সীমাবদ্ধতার কথাও খোলামেলা জানান তিশা। আড়ংয়ের বিলবোর্ড দেখে একসময় স্বপ্ন দেখলেও পরে বুঝতে পারেন, প্রচলিত মডেলিংয়ের কাঠামোয় তিনি নিজেকে মানিয়ে নিতে পারবেন না।

অভিনয়ের আগে তার বড় আগ্রহ ছিল সংবাদ পাঠ ও রেডিওতে। টেলিভিশনের স্ক্রলিং নিউজ জোরে জোরে পড়ে অনুশীলন করতেন তিনি। ক্লাস নাইনে পড়ার সময় দেশে এফএম রেডিও চালু হলে আরজেদের কণ্ঠে মুগ্ধ হয়ে সেই পেশার স্বপ্ন দেখতেন। কখনোই ভাবেননি অভিনয়ই হবে তার ভবিষ্যৎ।

হঠাৎ করেই অভিনয়ে আসা তাসনুভা তিশা আজ নিজের পরিশ্রম ও অভিজ্ঞতার পথ ধরে এগিয়ে চলেছেন—যার শুরুটা ছিল নিরবচ্ছিন্ন সংগ্রাম আর অজানা স্বপ্নে ভরা।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন