ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

বক্স অফিসে শীর্ষে নতুন ‘স্পাইডার-ম্যান’

২০২৬ আগস্ট ০৬ ১৭:৫৬:২৫
বক্স অফিসে শীর্ষে নতুন ‘স্পাইডার-ম্যান’

বিনোদন ডেস্ক : মুক্তির মাত্র সাত দিনের মধ্যেই বিশ্ব বক্স অফিসে রেকর্ড গড়েছে সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওসের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত সিনেমাটি এখন পর্যন্ত ১.১৫৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করে ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়েছে।

এর মধ্য দিয়ে জুন থেকে বিশ্ব বক্স অফিসে শীর্ষে থাকা ডিজনির ‘টয় স্টোরি ৫’-কে ছাড়িয়ে গেছে মার্ভেলের নতুন এই কিস্তি। ‘টয় স্টোরি ৫’-এর মোট আয় ছিল ১.০৬৭ বিলিয়ন ডলার।

বক্স অফিস সূত্রে জানা গেছে, সাত দিনে সিনেমাটি উত্তর আমেরিকার বাজার থেকে ৪৪৯ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে ৭০৬.৩ মিলিয়ন ডলার আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি টাকার সমান।

মুক্তির প্রথম সপ্তাহান্তেই ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ যুক্তরাষ্ট্রে ৩৬০ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী ৯৩২ মিলিয়ন ডলার আয় করে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গ্লোবাল ওপেনিংয়ের রেকর্ড গড়ে। এরপর সোমবার ৪৭ মিলিয়ন ডলার আয় করে ২০১৮ সালের ‘ব্ল্যাক প্যান্থার’-এর এবং মঙ্গলবার ৪২ মিলিয়ন ডলার আয় করে ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর একদিনের আয়ের রেকর্ড ভেঙে দেয়।

এছাড়া মুক্তির মাত্র চার দিনে উত্তর আমেরিকায় ৪০০ মিলিয়ন ডলার এবং ছয় দিনে বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে সিনেমাটি। এর ফলে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সময়ে ১ বিলিয়ন ডলার আয় করা চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে এটি।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটিতে পিটার পার্কার চরিত্রে টম হল্যান্ড, এমজে চরিত্রে জেন্ডায়া এবং নেড চরিত্রে জেকব ব্যাটালন অভিনয় করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মার্ক রাফালো, জন বার্নথাল, স্যাডি সিঙ্ক ও ট্রামেল টিলম্যান।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে টম হল্যান্ড অভিনীত একক স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেমা। হলিউড ট্রেড বিশ্লেষকদের ধারণা, বর্তমান গতিতে আয় অব্যাহত থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্ব বক্স অফিসে আরও একাধিক রেকর্ড ভাঙতে পারে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন