ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

এসআইবিএল থেকেও প্রশাসক প্রত্যাহার

২০২৬ আগস্ট ০৭ ১০:১৭:৫৫
এসআইবিএল থেকেও প্রশাসক প্রত্যাহার

অর্থনৈতিক প্রতিবেদক : সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অধীনে একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের মধ্যে এবার সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) থেকেও প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে গত ৩০ জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করা হয়। ফলে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের মধ্যে দুটি ব্যাংক এখন প্রশাসকমুক্ত হলো।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআইবিএল থেকে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পর্যায়ক্রমে বাকি ব্যাংকগুলো থেকেও প্রশাসক প্রত্যাহার করা হবে।

এর আগে গত ২০ জুলাই বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়, একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সার্বিক পরিচালনা সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অধীনে পরিচালিত হবে।

সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে ২০ জুলাই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমান সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এর আগের দিন তিনি পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গেও বৈঠক করেন। ওই বৈঠকে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩৫ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংকে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা দিয়েছে। নতুন ব্যাংকটির আট সদস্যের পরিচালনা পর্ষদ এবং একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এখন পর্যায়ক্রমে পাঁচটি ব্যাংকের প্রশাসনিক দায়িত্ব নতুন কাঠামোর অধীনে স্থানান্তরের কার্যক্রম এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন