ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

৩ বন্ধ পাটকলের ইজারা পেল প্রাণ-আরএফএল ও হ্যামকো

২০২৬ আগস্ট ১২ ০৮:২৯:৩৮
৩ বন্ধ পাটকলের ইজারা পেল প্রাণ-আরএফএল ও হ্যামকো

দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে মিল তিনটির ইজারা নিয়েছে। এতে ১১ হাজার ৬২৯ জনের নতুন কর্মসংস্থান হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)।

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল নতুন করে চালু করতে বেসরকারি খাতকে দায়িত্ব দিয়েছে সরকার। বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে চুক্তির মাধ্যমে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল ও হ্যামকো গ্রুপ মিল তিনটির ইজারা নিয়েছে।

মঙ্গলবার ঢাকায় বিজেএমসির সঙ্গে দুই প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তারেক রহমান উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান শিপলু বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

চুক্তি অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার স্টার জুট মিলস লিমিটেড পরিচালনা করবে প্রাণ-আরএফএল গ্রুপ। আর খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড পরিচালনার দায়িত্ব পেয়েছে হ্যামকো গ্রুপ।

বিজেএমসি জানায়, তিনটি পাটকল চালু করতে মোট প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে ১১ হাজার ৬২৯ জনের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। উৎপাদন শুরু হলে তিনটি কারখানার সম্ভাব্য বার্ষিক সম্মিলিত টার্নওভার হবে প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকা।

প্রকল্পভিত্তিক পরিকল্পনা অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলসে প্রাণ-আরএফএল প্রায় ১৫৭ কোটি টাকা বিনিয়োগ করবে। এতে প্রায় ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান হবে এবং সম্ভাব্য বার্ষিক টার্নওভার হবে প্রায় ৫০০ কোটি টাকা।

একইভাবে খুলনার স্টার জুট মিলসে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করবে প্রাণ-আরএফএল। এ মিলেও ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বার্ষিক টার্নওভারের লক্ষ্য ধরা হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।

অন্যদিকে, খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলসে হ্যামকো গ্রুপ প্রায় ২১২ কোটি টাকা বিনিয়োগ করবে। কারখানাটি চালু হলে ১ হাজার ১৫৩ জনের কর্মসংস্থান হবে এবং সম্ভাব্য বার্ষিক টার্নওভার হবে প্রায় ১৭৫ কোটি টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, বিজেএমসির উৎপাদন বন্ধ থাকা ২৫টি পাটকলের মধ্যে ২০টি বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে ১৪টি পাটকল ইজারা দিয়ে হস্তান্তর করা হয়েছে এবং ৯টি পাটকলে ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীসহ বিজেএমসি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন