ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘টক্সিক’-এর জন্য ভোর ৬টা থেকে শো

২০২৬ আগস্ট ২৪ ০৮:৩১:১৭
‘টক্সিক’-এর জন্য ভোর ৬টা থেকে শো

বিনোদন ডেস্ক : মুক্তির আগেই দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির। তবে এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে সাড়া পাওয়ায় ভারতের বিভিন্ন শহরে বাড়ানো হচ্ছে শো-সংখ্যা। এমনকি দর্শকের চাহিদা মেটাতে ভোর ও গভীর রাতেও বিশেষ শোর ব্যবস্থা করা হয়েছে।

বিশেষ করে মুম্বাইয়ে ‘টক্সিক’ ঘিরে দর্শকদের আগ্রহ বেশ স্পষ্ট। শহরটির একাধিক প্রেক্ষাগৃহে অতিরিক্ত শো যোগ করা হয়েছে। কোথাও ছবিটির প্রথম প্রদর্শনী শুরু হবে ভোর ৬টায়, আবার কোনো প্রেক্ষাগৃহে সকাল ৭টায় শুরু হবে প্রথম শো। দর্শকের চাহিদার কথা বিবেচনায় নিয়ে গভীর রাতেও রাখা হয়েছে প্রদর্শনী। কোনো কোনো প্রেক্ষাগৃহে রাত ১১টা ৪৫ মিনিটেও দেখা যাবে ছবিটি।

মুম্বাইয়ে ছবিটির প্রিমিয়াম স্ক্রিনিংয়ের টিকিটের দামও বেশ চড়া। বান্দ্রার জিয়ো ওয়ার্ল্ড ড্রাইভে একটি টিকিটের দাম করসহ ২ হাজার ২৫০ টাকা পর্যন্ত উঠেছে।

‘টক্সিক’ নিয়ে দর্শকের আগ্রহ অবশ্য নতুন নয়। ছবিটির প্রচার শুরুর পর থেকেই নানা কারণে আলোচনায় রয়েছে এটি। বিশেষ করে যশ ও কিয়ারা আডবাণীর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ছবির প্রথম প্রচার-ঝলক, গান ও বিভিন্ন ঝলকও দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এ যশ ও কিয়ারা আডবাণী ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরৈশী, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তসহ একাধিক তারকা। সম্প্রতি নির্মাতারা ছবিটির ইংরেজি ভাষার একটি প্রচার-ঝলকও প্রকাশ করেছেন।

ছবিটির মুক্তির তারিখ অবশ্য একাধিকবার পিছিয়েছে। প্রথমে চলতি বছরের মার্চে মুক্তির পরিকল্পনা ছিল। পরে মুক্তি জুনে পিছিয়ে দেওয়া হয়। এরপর আরও এক দফা তারিখ পরিবর্তন করা হয়। শেষ পর্যন্ত আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যশ অভিনীত ‘টক্সিক’।

মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে এমন সাড়া পাওয়ায় সিনেমাটির প্রথম দিনের ব্যবসা নিয়ে ইতিমধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, প্রেক্ষাগৃহে মুক্তির পর সেই আগ্রহ বক্স অফিসে কতটা প্রভাব ফেলে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন