ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক

২০২৬ অক্টোবর ০৩ ০৮:০৯:৩৯
শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের স্বর্ণ, বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও বিদেশি মদ আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার (২ অক্টোবর) ঢাকা কাস্টমস ও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কাস্টমসের অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচ যাত্রীর কাছ থেকে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট ও ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং অন্য এক যাত্রীর কাছ থেকে ১০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের এভসেকের সহায়তায় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট অভিযান চালায়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। তাঁর শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, অর্থাৎ প্রায় ১ দশমিক ৫ কেজি। কাস্টমসের হিসাবে এসব স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন পৃথক অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাস্টমস গোয়েন্দা তদন্ত সার্কেল। শ্রীলঙ্কার কলম্বো থেকে ঢাকাগামী ইউএল১৮৯ ফ্লাইটে আসা পাঁচ যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট এবং ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।

কাস্টমস কর্মকর্তারা জানান, মোহাম্মদ রোবেলের ব্যাগেজ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি গৌরী ক্রিম, আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি ক্রিম এবং খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

এ ছাড়া মোছা. রাবেয়া বেগমের ব্যাগেজ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি ক্রিম এবং মো. গোলাপের কাছ থেকে আরও ৯ কার্টন সিগারেট আটক করা হয়েছে।

অন্য একটি অভিযানে মুম্বাই থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের যাত্রী মুবারক হোসাইনের ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার ‘ব্ল্যাক লেবেল’ ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, পৃথক এসব অভিযানে মোট ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন