ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি

২০২৬ অক্টোবর ১৩ ১৭:১০:৩১
স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সিদ্ধান্তের ফলে প্রশাসনিক জটিলতা কমার পাশাপাশি নিয়োগ ও পুনর্নিয়োগ কার্যক্রম আরও দ্রুত হবে। একই সঙ্গে যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত শর্ত থেকে আগে পাওয়া অব্যাহতি পুনরায় নেওয়ার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হচ্ছে। তবে পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ ক্লিন ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন পাওয়ার শর্ত বহাল থাকছে।

গতকাল মঙ্গলবার বিএসইসির ১ হাজার ৩৩তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তগুলো নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ এবং এর পরবর্তী সংশোধনীর আওতায় তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করা হবে। বিশেষ করে, বিদ্যমান স্বতন্ত্র পরিচালকদের পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন সিআইবি প্রতিবেদন পাওয়ার পর কমিশন সম্মতি দেবে।

কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো স্বতন্ত্র পরিচালককে করপোরেট গভর্ন্যান্স কোডের নির্দিষ্ট বিধানের আওতায় যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত শর্ত থেকে আগে অব্যাহতি দেওয়া হয়ে থাকলে, ভবিষ্যতে তাঁকে নতুন করে নিয়োগ বা পুনর্নিয়োগের সময় একই বিষয়ে আবার অব্যাহতি নিতে হবে না। আগে দেওয়া অব্যাহতিই পরবর্তী নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এ ক্ষেত্রে করপোরেট গভর্ন্যান্স কোডের শর্ত ১(৩)(খ) ও ১(৩)(গ)-এ উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত বিধান থেকে পাওয়া অব্যাহতি কার্যকর থাকবে। অর্থাৎ, কোনো স্বতন্ত্র পরিচালককে একটি তালিকাভুক্ত কোম্পানিতে নিয়োগের সময় এ-সংক্রান্ত অব্যাহতি দেওয়া হলে, তাঁকে অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানিতে নতুন করে নিয়োগ কিংবা সংশ্লিষ্ট কোম্পানিতে পুনর্নিয়োগের ক্ষেত্রে একই অব্যাহতির জন্য আবার আবেদন করতে হবে না।

বিএসইসির মতে, এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের ক্ষেত্রে প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং প্রক্রিয়াটিকে আরও সহজ ও কার্যকর করা।

উল্লেখ্য, তালিকাভুক্ত কোম্পানির সুশাসন নিশ্চিত করতে করপোরেট গভর্ন্যান্স কোডের আওতায় স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিধান রয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করার পাশাপাশি নির্ধারিত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত যথাযথভাবে পরিপালন নিশ্চিত করাও এ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন