ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে

২০২৬ নভেম্বর ১৭ ০৮:২৯:২৭
টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে

অর্থনৈতিক প্রতিবেদক : ভারতের ব্যবসায়ী পরিবার টিভিএসে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ আরও জোরালো হয়েছে। টিভিএস মোটর কোম্পানি ও টিভিএস হোল্ডিংসের চেয়ারম্যান এমেরিটাস বেণু শ্রীনিবাসনের সম্পত্তিতে সমান ভাগ দাবি করেছেন তাঁর মেয়ে লক্ষ্মী বেণু। এ দাবিতে বাবার কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

নোটিশে লক্ষ্মী তাঁর বাবাকে পরিবারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যৌথ সম্পত্তির সুষ্ঠু ও আইনসম্মত বণ্টনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, ২০০৫ সালে সংশোধিত হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী, পৈতৃক সম্পত্তিতে ছেলেদের মতো মেয়েদেরও সমান অধিকার রয়েছে। আইনের ৬ নম্বর ধারা অনুযায়ী, মেয়েরাও নিজ উদ্যোগে পারিবারিক সম্পত্তি ভাগের দাবি জানাতে পারেন।

টিভিএস পরিবারের আলোচ্য সম্পত্তির মধ্যে রয়েছে ‘ভিএস ট্রাস্ট’ এবং বিভিন্ন মালিকানা প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ন্ত্রিত সম্পদ। ২০২০ সালের টিভিএস পারিবারিক সমঝোতা অনুযায়ী, বেণু শ্রীনিবাসনের পরিবারের ভাগে আসা ব্যবসা ও সম্পত্তিও এর অন্তর্ভুক্ত। এসবের মধ্যে রয়েছে টিভিএস হোল্ডিংস, টিভিএস মোটর কোম্পানি, টিভিএস ক্রেডিট সার্ভিসেস এবং সুন্দরম-ক্লেটনের মতো প্রতিষ্ঠানে মালিকানার অংশ।

লক্ষ্মীর দাবি, ২০২০ সালে বৃহত্তর টিভিএস পরিবারের মধ্যে যে সমঝোতা হয়েছিল, সেটিকে বেণু শ্রীনিবাসনের পরিবারের অভ্যন্তরীণ সম্পত্তি বণ্টন হিসেবে বিবেচনা করা যায় না। তাঁর ভাষ্য, শ্রীনিবাসন পরিবারের সম্পত্তি ভাগের কোনো প্রক্রিয়া শুরু বা শেষ হয়নি। পারিবারিক ব্যবসা পরিচালনার দায়িত্বে থাকলেই কোনো সদস্য ওই সম্পত্তির একক মালিক হয়ে যান না। এতে পরিবারের অন্য সদস্যদের আইনি অধিকারও খর্ব হয় না।

লক্ষ্মীর অভিযোগ, পারিবারিক সম্পদের সুবিধা ও মালিকানার অংশ তাঁর অধিকার উপেক্ষা করে ভাই সুদর্শন বেণুর অনুকূলে নেওয়া হচ্ছে। তিনি বিষয়টিকে আইনি অধিকার লঙ্ঘনের পাশাপাশি বিশ্বাসভঙ্গ হিসেবেও দেখছেন। তাঁর মতে, একতরফা সিদ্ধান্ত বা ব্যবসায়িক সমঝোতার মাধ্যমে মেয়েদের সম্পত্তির অধিকার অস্বীকার করা যায় না।

তবে আইনি নোটিশ পাঠালেও আলোচনার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান চান লক্ষ্মী। পরিবারের প্রত্যেক সদস্যের অধিকার ও মর্যাদা বজায় রেখে স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পত্তি বণ্টনের আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে লক্ষ্মীর মা মল্লিকা শ্রীনিবাসনও মেয়ের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁর মতে, পারিবারিক সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার থাকা উচিত। আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে মল্লিকা বলেন, মা হিসেবে তাঁর কাছে ছেলে ও মেয়ে সব দিক থেকেই সমান। পারিবারিক সম্পত্তিতে লক্ষ্মীর ন্যায্য অংশ রয়েছে, যা তাঁর ভাই সুদর্শনের অংশের চেয়ে কোনোভাবেই কম হওয়া উচিত নয়। ন্যায়বিচার, স্বচ্ছতা ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন