ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

২৬/১১ থেকে পহেলগাম, সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শাহরুখ

২০২৬ নভেম্বর ২৩ ০৮:৫৯:৩০
২৬/১১ থেকে পহেলগাম, সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শাহরুখ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ধর্ম, জাতপাত ও সব ধরনের ভেদাভেদ ভুলে মানবতার পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। একই সঙ্গে সন্ত্রাসী হামলায় নিহত সাধারণ মানুষ এবং দেশের নিরাপত্তায় প্রাণ দেওয়া সেনা ও নিরাপত্তাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ২০০৮ সালের মুম্বাইয়ের ২৬/১১ হামলা, ২০২৫ সালের পহেলগাম হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণের প্রসঙ্গ তুলে ধরেন বলিউডের এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে শাহরুখ এসব হামলায় প্রাণ হারানো নিরীহ মানুষদের স্মরণ করেন। পাশাপাশি দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হওয়া সদস্যদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেন।

শাহরুখ বলেন, ২৬/১১-এর সন্ত্রাসী হামলা, পহেলগামের হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে নিহত নিরীহ মানুষদের প্রতি তাঁর বিনম্র শ্রদ্ধা। এসব ঘটনায় প্রাণ দেওয়া সাহসী নিরাপত্তাকর্মীদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

দেশের সেনা ও নিরাপত্তাকর্মীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যও দেন অভিনেতা। তিনি বলেন, কেউ তাঁদের পেশা সম্পর্কে জানতে চাইলে গর্বের সঙ্গে বলতে হবে, তাঁরা দেশকে রক্ষা করেন। আর উপার্জন সম্পর্কে জানতে চাইলে বলতে হবে, ১৪০ কোটি মানুষের আশীর্বাদই তাঁদের উপার্জন।

শাহরুখ আরও বলেন, যারা দেশকে আক্রমণ করে, ভয় আসলে তাদেরই করা উচিত। নিরাপত্তাকর্মীদের সাহস ও দায়িত্ববোধের প্রতি আস্থা রাখার কথাও তুলে ধরেন তিনি।

এ সময় দেশবাসীর প্রতি শান্তি ও সম্প্রীতির আহ্বান জানিয়ে শাহরুখ বলেন, জাতপাত, ধর্মসহ সব ধরনের ভেদাভেদ ভুলে সবাইকে মানবতার পথে এগিয়ে আসতে হবে। দেশের শান্তির জন্য বীরেরা যে আত্মত্যাগ করেছেন, তা যেন কোনোভাবেই বৃথা না যায়।

শান্তি প্রতিষ্ঠার বিষয়ে নিজের ভাবনা তুলে ধরে অভিনেতা বলেন, শান্তি ও স্বস্তির শুরু মানুষের নিজের ভেতর থেকেই। পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তিনি নানা সংস্কৃতি ও অঞ্চলের মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন তিনি।

এদিকে, শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখের নতুন সিনেমা ‘কিং’। এতে তাঁর মেয়ে সুহানা খানও অভিনয় করেছেন। সিনেমাটিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায় ও রাঘব জুয়াল।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন