ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

টাটা সন্সের বোর্ড সভা স্থগিত, আইপিও নিয়ে বাড়ছে জটিলতা

২০২৬ নভেম্বর ২৫ ০৯:২৪:০২
টাটা সন্সের বোর্ড সভা স্থগিত, আইপিও নিয়ে বাড়ছে জটিলতা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ভারতের টাটা গোষ্ঠীর মূল প্রতিষ্ঠান টাটা সন্সের শেয়ারবাজারে তালিকাভুক্তি নিয়ে জটিলতা আরও বেড়েছে। গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনার জন্য অতিরিক্ত সময় চাওয়ায় আগামী ২৬ নভেম্বরের নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা স্থগিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা এ সভা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টাটা সন্সের শেয়ারবাজারে তালিকাভুক্তি হবে, নাকি বেসরকারি মালিকানা বজায় রাখতে বিকল্প পুনর্গঠন পরিকল্পনা নেওয়া হবে, তা নিয়ে ২৬ নভেম্বরের সভায় আলোচনা হওয়ার কথা ছিল। সভা স্থগিত হওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও পিছিয়ে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত টাটা সন্সের পরিচালনা পর্ষদের সভার রেকর্ডিং আবারও চেয়েছেন নোয়েল টাটা। এ বিষয়ে আগে করা তাঁর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। তবে গত শুক্রবার টাটা ট্রাস্টসের পর্ষদ সভা শেষে টাটা সন্সের কোম্পানি সেক্রেটারি সুপ্রকাশ মুখোপাধ্যায়কে চিঠি দিয়ে ওই রেকর্ডিং পুনরায় চেয়েছেন তিনি।

নোয়েল টাটার অভিযোগ, ২৬ নভেম্বরের বোর্ড সভার মাত্র চার দিন আগে, গত ২২ নভেম্বর আলোচ্যসূচি ও সংশ্লিষ্ট নথিপত্র পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। এতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। টাটা সন্সের প্রচলিত নিয়ম অনুযায়ী, বোর্ড সভার অন্তত সাত দিন আগে সংশ্লিষ্ট নথিপত্র পরিচালকদের কাছে পাঠানোর কথা। এ কারণে সভা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে টাটা সন্সের শেয়ারবাজারে তালিকাভুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) অবস্থানও কঠোর হচ্ছে। প্রায় দুই বছর আগে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফসির লাইসেন্স ছেড়ে দেওয়ার আবেদন করেছিল টাটা সন্স। তবে সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই আবেদন প্রত্যাখ্যান করেছে আরবিআই।

২০২২ সালের নির্দেশনা অনুযায়ী, ভারতের বৃহৎ এনবিএফসিগুলোর মূল প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। টাটা সন্সকেও এ নিয়মের আওতায় তালিকাভুক্তির প্রস্তুতি নিতে বলা হয়েছে। গত ১৬ নভেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে আরবিআই তাদের অবস্থান আবারও স্পষ্ট করেছে। একই সঙ্গে আইপিওসহ প্রযোজ্য সব বিধিবিধান মেনে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ফলে টাটা সন্সের শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়ানোর সুযোগ ক্রমেই সীমিত হয়ে আসছে। তবে তালিকাভুক্তি নিয়ে টাটা গোষ্ঠীর অভ্যন্তরীণ মতপার্থক্য এবং বোর্ড সভা স্থগিতের ঘটনায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন