ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স লুকাতে চান না শাহরুখ, ‘কিং’-এ নতুন অবতারে আসছেন

২০২৬ নভেম্বর ২৯ ০৮:৩৫:২১
বয়স লুকাতে চান না শাহরুখ, ‘কিং’-এ নতুন অবতারে আসছেন

বয়স ৬১। দীর্ঘদিন পর্দায় তরুণ নায়কের চরিত্রে অভিনয় করলেও এবার নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্রে দেখা যেতে চান বলিউড অভিনেতা শাহরুখ খান। আসন্ন সিনেমা ‘কিং’-এ ধূসর চুলের নতুন অবতারে হাজির হচ্ছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেতা জানিয়েছেন, কমবয়সি নায়িকাদের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাই তাঁকে নিজের বয়স অনুযায়ী চরিত্র বেছে নেওয়ার কথা ভাবিয়েছে।

শুক্রবার মুম্বাইয়ে মেটা আয়োজিত এক অনুষ্ঠানে পরিচালক করণ জোহরের সঙ্গে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানে নিজের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে কথা বলতে গিয়ে বয়স অনুযায়ী চরিত্র নির্বাচনের প্রসঙ্গ ওঠে। শাহরুখ বলেন, অভিনয়জীবনের শুরু থেকেই তাঁর নায়ক হওয়ার ইচ্ছা ছিল। প্রথম দিকে নিজেকে খুব একটা সুদর্শন মনে না করলেও নায়ক হওয়ার সুযোগকে সব সময় গুরুত্ব দিয়েছেন।

তবে সময়ের সঙ্গে বদলেছে তাঁর ভাবনা। নিজের একটি শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে শাহরুখ জানান, এক কমবয়সি অভিনেত্রীর সামনে দাঁড়িয়ে প্রেমের সংলাপ বলছিলেন তিনি। হঠাৎ তাঁর মনে হয়, পর্দায় যাঁকে ভালোবাসার কথা বলছেন, তাঁর বয়স প্রায় নিজের মেয়ের কাছাকাছি। বিষয়টি নিয়ে মজার ছলে তিনি বলেন, প্রেমের সংলাপের পরই তাঁর মনে হয়েছিল, অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন, পরদিনের অঙ্কের বাড়ির কাজ শেষ করেছে কি না!

শাহরুখের মতে, এমন অভিজ্ঞতা তাঁকে উপলব্ধি করিয়েছে যে পর্দায় নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয়ের সময় এসেছে। ৬১ বছর বয়সেও তিনি নায়ক হতে চান, তবে সেই নায়ক হবেন বয়স, ব্যক্তিত্ব ও উপস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দর্শকও তাঁকে নতুনভাবে দেখুক, এমনটাই প্রত্যাশা এই অভিনেতার।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান। এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানার। আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, অর্শদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় বর্মা।

সম্প্রতি সিনেমাটির ‘ড্যাডি কুল’ গান প্রকাশ করা হয়েছে। গানটিতে দেখা গেছে করিনা কাপুরকে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন