ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো সম্পর্কের গুঞ্জন, যা বললেন নির্মাতা

২০২৬ আগস্ট ২৭ ০৮:৫৭:০২
অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো সম্পর্কের গুঞ্জন, যা বললেন নির্মাতা

বিনোদন ডেস্ক : বলিউডে অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার অন-স্ক্রিন রসায়ন একসময় ছিল বেশ আলোচিত। তাদের ঘিরে সম্পর্কের গুঞ্জনও কম হয়নি। এবার সেই পুরনো অধ্যায় নিয়ে মুখ খুলেছেন নির্মাতা ও প্রযোজক সুনীল দর্শন। তার দাবি, অক্ষয়-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতা নিয়ে ছড়ানো গুঞ্জনের প্রভাব পড়েছিল অক্ষয়ের পারিবারিক জীবনেও।

সুনীল দর্শনের ভাষ্য অনুযায়ী, ২০০৫ সালে তার নির্মিত ‘বরসাত’ সিনেমার জন্য অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে একটি টাইটেল গানের শুটিং হয়েছিল। এরপর কয়েক মাস বিরতির পর আবার শুটিং শুরুর কথা ছিল। কিন্তু সেই সময় অক্ষয় শুটিং পিছিয়ে দেওয়ার অনুরোধ জানান।

পরিচালকের দাবি, প্রায় ১০০ সদস্যের শুটিং ইউনিট প্রস্তুত থাকায় তার পক্ষে শুটিং স্থগিত করা সম্ভব ছিল না। একই সময়ে অক্ষয় ও প্রিয়াঙ্কাকে ঘিরে নানা গুঞ্জনও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত দুজনকে একসঙ্গে সিনেমাটিতে রাখা সম্ভব হয়নি।

সুনীল বলেন, ‘ততদিনে বাজারে নানা গুঞ্জন চাউর হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম অক্ষয় ও প্রিয়াঙ্কাকে একসঙ্গে আর কাস্ট করা যাবে না। যদি তারা একসঙ্গে কাজ চালিয়ে যেত, তবে অক্ষয়ের পরিবারে মারাত্মক প্রভাব পড়ত।’

তিনি আরও বলেন, একজন বিবাহিত মানুষের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত। প্রিয়াঙ্কা তখন অবিবাহিত ছিলেন। তাই শেষ পর্যন্ত তাকে সিনেমায় রেখে অক্ষয়ের জায়গায় ববি দেওলকে নেওয়া হয়।

এর আগে অক্ষয়-প্রিয়াঙ্কার সম্পর্কের গুঞ্জন নিয়ে আরও বিস্ফোরক দাবি করেছিলেন সুনীল। তার ভাষ্য, এসব গুঞ্জনের কারণে অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না একসময় বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন।

সুনীল বলেন, ‘টুইঙ্কেল নিজেও একজন অভিনেত্রী ছিলেন, ইন্ডাস্ট্রির অন্দরমহল সম্পর্কে তার সম্যক ধারণা ছিল। ফলে কী চলছে, সে সম্পর্কে তিনি সবই জানতেন।’

এদিকে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে সুনীল জানান, ‘আন্দাজ’ সিনেমার সময় প্রথম তার অফিসে গেলে শুরুতে অভিনেত্রীকে দেখে তিনি খুব একটা প্রভাবিত হননি। এমনকি প্রিয়াঙ্কার নাকের অস্ত্রোপচার নিয়েও তার কিছু শর্ত ছিল। তবে কাজের প্রতি অভিনেত্রীর নিষ্ঠা পরে তাকে মুগ্ধ করে।

পরিচালকের ভাষ্য, সকাল ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত টানা নাচের অনুশীলন ও শুটিং করতেন প্রিয়াঙ্কা। এতে তার পায়েও আঘাত লেগেছিল। সুনীল তাকে ‘একটু দুষ্টু ও নাটুকে’ বলেও বর্ণনা করেন।

বর্তমানে বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক তারকা হিসেবে প্রতিষ্ঠিত প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে এস এস রাজামৌলির আলোচিত সিনেমা ‘বারানসী’তে। এতে তার সহশিল্পী মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। এর মধ্যেই সুনীল দর্শনের পুরনো বক্তব্য সামনে আসায় অক্ষয়-প্রিয়াঙ্কার সেই অধ্যায় নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন