ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি

২০২৬ সেপ্টেম্বর ০১ ১৯:০৯:০৮
বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘদিনের পদোন্নতির জট কাটিয়ে প্রশাসনিক কাঠামোতে গতি আনতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৩ কর্মকর্তাকে অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসির ১ হাজার ২৭তম কমিশন সভায় এসব কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব অনুমোদন করা হয়। চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—মুস্তারি জাহান, মো. মোহাম্মদ শামসুর রহমান, মো. ইউসুফ ভূঁইয়া, মো. হোসাইন খান, মো. ওহিদুল ইসলাম, মো. কাওসার আলী, শেখ মো. লুৎফুল কবির, মো. মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মো. হাফিজ মোহাম্মদ হারুনুর রশিদ, মো. ফারুক হোসাইন, উম্মে সালমা, মো. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ও মো. মোহাম্মদ গোলাম কিবরিয়া।

বিএসইসি সূত্রে জানা গেছে, পদোন্নতির আদেশ পাওয়ার পর কর্মকর্তারা মঙ্গলবারই পরিচালক পদে যোগ দিয়েছেন। তবে নতুন পদে তাদের দায়িত্ব ও কর্মপরিধি এখনো নির্ধারণ করা হয়নি। শিগগিরই দায়িত্ব বণ্টন করে পৃথক আদেশ জারি করা হবে।

খুলছে নিচের ধাপের পদোন্নতির পথ

১৩ কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়ার ফলে বিএসইসির অতিরিক্ত পরিচালক পদে ১৩টি শূন্যতা তৈরি হয়েছে। এসব শূন্য পদে কমিশনে কর্মরত যোগ্য যুগ্ম পরিচালকদের পদোন্নতি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এর ফলে শুধু পরিচালক পর্যায়েই নয়, কর্মকর্তাদের নিচের ধাপেও ধারাবাহিকভাবে পদোন্নতির পথ খুলছে। এতে দীর্ঘদিন ধরে আটকে থাকা পদোন্নতি প্রক্রিয়া ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, পরিচালক পর্যায়ের শূন্যতা পূরণের পাশাপাশি অতিরিক্ত পরিচালক ও যুগ্ম পরিচালক পর্যায়েও পদোন্নতি হলে কমিশনের বিভিন্ন বিভাগে জনবল কাঠামোর ভারসাম্য ফিরবে। এতে প্রশাসনিক কার্যক্রমের গতিও বাড়তে পারে।

এর আগে তিন পরিচালক নির্বাহী পরিচালক

এর আগে গত ১৮ আগস্ট বিএসইসির তিন পরিচালককে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। তারা হলেন—মোহাম্মদ মাহমুদুল হক, রাজীব আহমেদ ও মো. মনসুর রহমান।

ওই পদোন্নতির পর এবার একসঙ্গে ১৩ কর্মকর্তাকে পরিচালক পদে উন্নীত করা হলো। ফলে বিএসইসিতে দীর্ঘদিন ধরে চলা পদোন্নতি-সংক্রান্ত জট ধীরে ধীরে কাটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কর্মকর্তাদের পদোন্নতি ও পরবর্তী সময়ে দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে কমিশনের সাংগঠনিক সক্ষমতা বাড়বে এবং শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন বিভাগে কাজের গতি আরও বাড়বে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন