ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও

২০২৬ সেপ্টেম্বর ১৫ ২০:২৮:১০
রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও

খেলাধুলা ডেস্ক : দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পেসার ও স্পিনারদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্য নিয়ে আবারও শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট’। রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এবারের প্রতিযোগিতায় পুরুষের পাশাপাশি নারী ক্রিকেটারদেরও অংশ নেওয়ার সুযোগ থাকছে।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাছাইপর্ব। দেশের আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ট্রায়াল। এর মধ্যে ঢাকায় দুটি এবং সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রামে একটি করে ভেন্যু থাকবে। বরিশাল অঞ্চলের ট্রায়াল অনুষ্ঠিত হবে খুলনায়।

এবারের আয়োজনের পরিধিও আগের তুলনায় বাড়ানো হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান পেসার ও স্পিনারদের বাছাই করে তাঁদের ভবিষ্যতে জাতীয় দল ও জাতীয় দলের পাইপলাইনের জন্য প্রস্তুত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

রবি ও বিসিবির যৌথ উদ্যোগে এর আগে আয়োজিত ফাস্ট বোলার ও স্পিনার হান্ট থেকে জাতীয় দলে উঠে এসেছেন একাধিক ক্রিকেটার। ২০১৬ সালের রবি ফাস্ট বোলার হান্টে প্রায় ৪০ হাজার তরুণ পেসার অংশ নিয়েছিলেন। ওই প্রতিযোগিতায় ঘণ্টায় ১৩৯ দশমিক ৯ কিলোমিটার গতিতে বল করে দ্রুততম বোলার হন এবাদত হোসেন। পরে তিনি বাংলাদেশ জাতীয় দলের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।

২০১৭ সালের রবি স্পিনার হান্ট থেকে উঠে আসেন রিশাদ হোসেন। পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ লেগ স্পিনার হিসেবে জায়গা করে নেন তিনি। আগের আয়োজনগুলোর এই সাফল্যই নতুন করে বোলার হান্ট আয়োজনের অন্যতম অনুপ্রেরণা বলে জানিয়েছে আয়োজকেরা।

এবারের বাছাইপ্রক্রিয়ায় মাঠে উপস্থিত থাকবেন নির্বাচকেরা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তান জাতীয় দলের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোরি কলিমোর এবং বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের প্রধান কোচ মো. সালাহউদ্দিন। জাতীয় দলের কোচেরাও বাছাইপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন।

শুধু বাছাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না কার্যক্রম। নির্বাচিত বোলারদের জন্য থাকবে আধুনিক প্রশিক্ষণ ও নিয়মিত পরিচর্যার ব্যবস্থা। দীর্ঘমেয়াদে তাঁদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে জাতীয় দলের জন্য প্রস্তুত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আগ্রহী বোলাররা ‘মাই রবি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন