ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

২ কোটি টাকা না দেওয়ায় রাজপালকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা

২০২৬ অক্টোবর ০৭ ০৮:৩৪:১৬
২ কোটি টাকা না দেওয়ায় রাজপালকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা

প্রতিশ্রুতি দিয়েও ২ কোটি টাকা জমা না দেওয়ায় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে ভর্ৎসনা করেছে ভারতের সুপ্রিম কোর্ট। একাধিকবার নির্দেশ দেওয়ার পরও তা পালন না করায় ৫ অক্টোবর ক্ষোভ প্রকাশ করেন আদালত।

চেক বাউন্সের দীর্ঘদিনের মামলায় গত ১৫ সেপ্টেম্বর রাজপালকে শেষবারের মতো সুযোগ দিয়েছিল আদালত। মোট ৫ কোটি টাকার মধ্যে অন্তত ২ কোটি টাকা আদালতের নির্দিষ্ট দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশও পালন করেননি অভিনেতা।

শুনানিতে রাজপালের আইনজীবী বলেন, অভিযোগকারীরা আর্থিকভাবে অসচ্ছল নন। এ বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি বলেন, অভিযোগকারীরা হয়তো রাজপালের চেয়েও বেশি ধনী, কিন্তু তাঁর কাছ থেকে নেওয়া অর্থের হিসাবে তারা ক্ষতিগ্রস্ত।

এ সময় বিচারপতি আরও বলেন, আদালতে এ ধরনের ঔদ্ধত্য দেখানোর সুযোগ নেই। পরিস্থিতি ঠিক না হলে রাজপালের জন্য জেলই উপযুক্ত জায়গা—এমন কড়া মন্তব্যও করেন তিনি।

শুনানিতে রাজপালের আইনজীবী ৫০ লাখ টাকার একটি ব্যাংক খসড়ার প্রতিলিপি জমা দেন। তিনি জানান, ওই টাকা জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পরে রাজপালকে ৬ অক্টোবরের মধ্যে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি ৭ অক্টোবর।

মামলার অভিযোগ অনুযায়ী, একটি ছবির জন্য রাজপালকে ৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। সেই অর্থ ফেরত দিতে ২০১০ সালে ১ কোটি ৫ লাখ টাকা করে সাতটি চেক দেন তিনি। কিন্তু চেকগুলো বাউন্স করে।

পরে ২০১২ সালে দুই পক্ষের মধ্যে চুক্তি হয়। সেখানে সুদসহ প্রায় ১১ কোটি টাকা ফেরত দেওয়ার কথা ছিল রাজপাল, তাঁর স্ত্রী ও তাঁদের প্রতিষ্ঠানের। তবে সেই অর্থও পুরোপুরি ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ।

এই মামলাগুলোর সূত্রেই চলতি বছরের শুরুতে ১০ দিন তিহাড় জেলে ছিলেন রাজপাল। অভিযোগকারীর ব্যাংক হিসাবে ১ কোটি ৫০ লাখ টাকা জমা দেওয়ার পর তিনি মুক্তি পান। তবে মামলাটির পুরোপুরি নিষ্পত্তি এখনো হয়নি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন