ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগী পলাশ

২০২৬ নভেম্বর ১১ ০৯:০৯:২১
শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগী পলাশ

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ নয় বছরের পথচলার ইতি টেনে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র পঞ্চম সিজনের শুটিং। নাটকটির শেষলগ্নে পুরোনো দিনের স্মৃতিচারণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন কাবিলা চরিত্রে অভিনয় করা অভিনেতা জিয়াউল হক পলাশ।

মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শুরুর দিনগুলোর স্মৃতি তুলে ধরেন তিনি। রাজধানীর লালমাটিয়ার যে রাস্তা, গাছতলা আর চেনা বিকেল থেকে শুরু হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’র যাত্রা, সেসব স্মৃতিতে ফিরে যান পলাশ।

পোস্টে তিনি লেখেন, ‘এখান থেকেই শুরু হয়েছিল সব। এই রাস্তা, এই গাছতলা, এই চেনা বিকেলগুলো। কত কথা, কত হাসি, কত না-বলা গল্প পড়ে আছে এখানে। সময় কী অদ্ভুত!’

নাটকটির সঙ্গে কাটানো সময়ের কথা তুলে ধরে পলাশ জানান, একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে, তা ‘ব্যাচেলর পয়েন্ট’র দিকে তাকালেই বোঝা যায়। অসংখ্য সকাল, রাত, অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ মিলিয়ে কখন যে নাটকটি জীবনের অংশ হয়ে উঠেছে, তা বুঝতেই পারেননি তিনি।

নিজের আবেগ প্রকাশ করে অভিনেতা আরও লেখেন, ‘এত স্মৃতি কোথায় রাখি? কোন বাক্যে ধরি এতগুলো বছর? কোন শব্দ দিয়ে বোঝাই, এই পথটুকু আমার কাছে কতখানি?’

বিদায়ের বেদনার পাশাপাশি স্মৃতির কথাও উঠে এসেছে তাঁর পোস্টে। পলাশের ভাষায়, ‘মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়। অথচ কোথাও একটা গাছতলা থেকে যায়। একটা রাস্তা থেকে যায়। কিছু মানুষের হাসির শব্দ বাতাসে মিশে থাকে।’

সবশেষে তিনি লেখেন, ‘গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটা এখনও ওখানেই দাঁড়িয়ে আছে।’

উল্লেখ্য, নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ২০১৭ সালে শুরু হয় ‘ব্যাচেলর পয়েন্ট’। শুরু থেকেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায় ধারাবাহিকটি। বিশেষ করে কাবিলা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান জিয়াউল হক পলাশ। দীর্ঘ নয় বছরের পথচলায় নাটকটির চরিত্রগুলো দর্শকের কাছে হয়ে উঠেছে প্রিয়। পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ায় সেই দীর্ঘ যাত্রার একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন