ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

দুই অধিনায়কের সেঞ্চুরিতে পিন্ডিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা

২০২৬ নভেম্বর ১১ ২০:১৫:৩২
দুই অধিনায়কের সেঞ্চুরিতে পিন্ডিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা

খেলাধুলা ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনটি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। সাবেক অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও বর্তমান অধিনায়ক কুশল মেন্ডিসের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। দুজনের অপরাজিত সেঞ্চুরিতে দিন শেষে ৪ উইকেটে ৪০৪ রান তুলেছে শ্রীলঙ্কা।

দিনের শুরুতে ৩ উইকেটে ১১৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। দিন শেষে দলটির সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৪০৪ রান। পাকিস্তানের প্রথম ইনিংসের ৪৩৪ রানের চেয়ে এখনো ৩০ রানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে ৬ উইকেট। পঞ্চম উইকেটে ধনাঞ্জয়া ও কুশল অবিচ্ছিন্ন ২৪৯ রানের জুটি গড়েছেন। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হওয়ার আগে দিনের বাকি অংশে মাত্র একটি উইকেট হারিয়ে ২৯০ রান যোগ করে শ্রীলঙ্কা।

দিনের শুরুতে ধনাঞ্জয়ার সঙ্গে ব্যাটিংয়ে ছিলেন কামিন্দু মেন্ডিস। ৫৮ রান করা কামিন্দুকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলার সুযোগ তৈরি করেছিলেন মোহাম্মদ আব্বাস। তবে সেটিই ছিল পুরো দিনে পাকিস্তানের একমাত্র সাফল্য।

ধনাঞ্জয়াকে ফিরিয়ে দেওয়ার আরও কয়েকটি সুযোগ পেয়েছিল পাকিস্তান। ৩৮ রানে থাকা অবস্থায় তাঁর ক্যাচ প্রথম স্লিপে ফেলেন সৌদ শাকিল। পরে শর্ট লেগে ক্যাচ নিতে পারেননি আজান আওয়াইস। নিজের বলে ধনাঞ্জয়ার আরেকটি ক্যাচ ছাড়েন সাকিব খান।

এসব সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয়েছে পাকিস্তানকে। জীবন পাওয়া ধনাঞ্জয়া ধীরে ধীরে হাত খুলে খেলতে শুরু করেন। রক্ষণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি সুযোগ পেলেই আক্রমণ করেছেন প্রতিপক্ষের বোলারদের। দ্বিতীয় সেশনে টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নেন তিনি।

অন্য প্রান্তে ধনাঞ্জয়ার সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন বর্তমান অধিনায়ক কুশলও। একপর্যায়ে মাত্র ৬ ওভারে ৫৭ রান যোগ করে শ্রীলঙ্কা। রাজাউল্লাহর বলে আপার কাটে চার মেরে টেস্ট ক্যারিয়ারের সেঞ্চুরি পূর্ণ করেন কুশল। পরে একই ধরনের শটে ছক্কাও হাঁকান তিনি।

আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার সময় কুশল অপরাজিত ছিলেন ১৮৮ বলে ১১৭ রানে। ধনাঞ্জয়া অপরাজিত ছিলেন ২৪১ বলে ১৬৭ রানে। তাঁদের ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষে ম্যাচে চালকের আসনে উঠে এসেছে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস: ৪৩৪/৯ ডিক্লে.

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪০৪/৪ (ধনাঞ্জয়া ১৬৭*, কুশল ১১৭*, কামিন্দু মেন্ডিস ৫৮; মোহাম্মদ আব্বাস ২/৬৪)

শ্রীলঙ্কা পিছিয়ে ৩০ রানে।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন