ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার হোটেলে কোহলিদের গোপন ভোজের সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান

২০২৬ নভেম্বর ২৩ ১৯:৩৭:১৬
ঢাকার হোটেলে কোহলিদের গোপন ভোজের সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান

খেলাধুলা ডেস্ক : ২০১৫ সালের জুন মাসের এক রাত। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের ছোট্ট কক্ষে গাদাগাদি করে বসে আছেন ভারতীয় ক্রিকেট দলের কয়েকজন সদস্য। খাট ও মেঝেতে বসে তাঁদের সামনে রাতের খাবার। তবে খাবার হোটেলের রান্নাঘরের নয়, বাইরে থেকে গোপনে নিয়ে আসা। কারণ, হোটেলের নিয়ম অনুযায়ী বাইরে থেকে খাবার আনা নিষেধ। সেই নিয়ম ভেঙেই চলছিল ভারতীয় ক্রিকেটারদের রাতের ভোজ।

সেই আড্ডায় উপস্থিত ছিলেন দলের সবচেয়ে বয়স্ক সদস্য। তবে তিনি কোনো ক্রিকেটার নন। তাঁর নাম নীরাজ কুমার। একসময় অপরাধীদের জিজ্ঞাসাবাদ করেছেন, হাতে ছিল তদন্তের ফাইল। ভারতের পুলিশ সার্ভিসের ১৯৭৬ ব্যাচের এই কর্মকর্তা ৩৭ বছরের কর্মজীবন শেষে দিল্লি পুলিশের কমিশনার হিসেবে অবসরে যান। অবসরের পর কীভাবে তিনি ভারতীয় ক্রিকেট দলের দুর্নীতিবিরোধী বিভাগের প্রধান হলেন এবং ঢাকায় ক্রিকেটারদের সঙ্গে এমন গোপন ভোজে অংশ নিলেন, সেই গল্পই উঠে এসেছে তাঁর লেখা বই ‘আ কপ ইন ক্রিকেট’-এ।

দিল্লি পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালনের ১৩ মাসে দুটি বড় ঘটনার কারণে আলোচনায় আসেন নীরাজ। প্রথমটি ছিল ২০১২ সালের বহুল আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড। ওই ঘটনায় দিল্লিজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। তাঁর পদত্যাগের দাবিও উঠেছিল। তবে মাত্র ১০ দিনের মধ্যে অভিযোগপত্র জমা দিয়ে এবং দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

দ্বিতীয় ঘটনাটি ছিল ২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারি। রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্দিলা ও অঙ্কিত চাভানকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তিন মাসের অভিযানে গ্রেপ্তার করা হয় মোট ৩৬ জনকে। ফোনালাপ ও টেলিভিশন ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিশ মামলাটিকে শক্তিশালী মনে করেছিল। কিন্তু দুই বছর পর আদালতে সবাই খালাস পান। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের বিরুদ্ধে ভারতের আইনে বড় ধরনের ঘাটতি ছিল।

নীরাজ কুমার তাঁর বইয়ে লিখেছেন, পুলিশের জীবনে একজন কর্মকর্তাকে মানুষ মনে রাখে তাঁর সর্বশেষ বড় মামলার পরিচয়ে। এখনো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কেউ তাঁকে পরিচয় করিয়ে দেন ‘নির্ভয়া কমিশনার’ হিসেবে, কেউবা আইপিএল ফিক্সিং কেলেঙ্কারি উদ্‌ঘাটনকারী হিসেবে। তাঁর লেখা তিনটি বইয়ের মধ্যে রয়েছে ‘ডায়াল ডি ফর ডন’, ‘খাকি ফাইলস’ ও ‘আ কপ ইন ক্রিকেট’। ঢাকার হোটেলে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সেই রাতের গল্পটি রয়েছে শেষের বইটিতেই।

২০১৫ সালের এপ্রিলে নীরাজের কাছে ফোন আসে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তৎকালীন সচিব অনুরাগ ঠাকুরের। প্রস্তাব দেওয়া হয় বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার। তখন অবসরজীবন উপভোগ করছিলেন নীরাজ। সকালে দেরিতে ঘুম থেকে ওঠা, বই পড়া বা সিনেমা দেখা, দুপুরে গলফ খেলা আর শীতের রোদে সময় কাটানো—এভাবেই চলছিল তাঁর দিন। দীর্ঘ কর্মজীবনের পর প্রথমবারের মতো স্ত্রী ছাড়া আর কারও কাছে জবাবদিহি করতে হচ্ছিল না তাঁকে।

তাই বিসিসিআইয়ের প্রস্তাবকে প্রথমে ধাক্কা হিসেবেই নিয়েছিলেন নীরাজ। দিল্লি ছেড়ে মুম্বাই যেতে চাননি বলে প্রস্তাবটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে অনুরাগ ঠাকুর তাঁকে রাজি করাতে ছাড়েননি। দিল্লিতে থেকেই দায়িত্ব পালন করা যাবে বলে আশ্বাস দেন। শেষ পর্যন্ত রাজি হন নীরাজ। ২০১৫ সালের ১ জুন বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটের প্রধান হিসেবে যোগ দেন তিনি। পরে নিজের বইয়ে লিখেছেন, বোর্ডে যোগ দেওয়ার সময় সামনে কী অপেক্ষা করছে, সে সম্পর্কে তাঁর কোনো ধারণাই ছিল না।

৮৫ হাজার সদস্যের পুলিশ বাহিনীর নেতৃত্ব দেওয়া এই কর্মকর্তা বিসিসিআইয়ে দায়িত্ব শুরু করেন মাত্র দুজন সহকর্মীকে নিয়ে। দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত লোকবল তো ছিলই না, কিছুদিন পর তাঁর অফিসকক্ষও কেড়ে নেওয়া হয়। বিষয়টি জানানোর সৌজন্যটুকুও দেখানো হয়নি। নীরাজ কুমারের ভাষায়, বিসিসিআইয়ে তাঁর অভিজ্ঞতার এই অংশ আরেক দিনের গল্প।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন