ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর ছাড়পত্র বাতিল, হাইকোর্টে রিটের প্রস্তুতি

২০২৬ মে ১৪ ০৭:৩১:১১
‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর ছাড়পত্র বাতিল, হাইকোর্টে রিটের প্রস্তুতি

চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর পরিচালিত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’–এর মুক্তির অনুমতি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্রে জানা গেছে, অভিনেত্রী জেবা জান্নাত–এর লিখিত অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিনেমাটির নির্মাতা।

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি জানান, প্রথম পর্যায়ে সিনেমাটি সেন্সর বোর্ডের অনুমোদন পেলেও পরে একটি লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগে উল্লেখ করা হয়, জেবা জান্নাত নাটকের জন্য চুক্তিবদ্ধ হলেও পরবর্তীতে সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়া হয়, যা তিনি মেনে নেননি। যেহেতু সিনেমা হিসেবে কাজটির জন্য কোনো লিখিত চুক্তি ছিল না, সে কারণেই মুক্তির অনুমতি স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, এই সিদ্ধান্তকে অন্যায্য ও হঠাৎ বলে দাবি করেছেন হাসান জাহাঙ্গীর। তিনি বলেন,“আমার ছবিটি ইতোমধ্যে ৫০টিরও বেশি হলে প্রদর্শনের জন্য বুকিং দেওয়া হয়েছে। হল মালিকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছিলাম। এমন পরিস্থিতিতে মুক্তি বন্ধ করার সিদ্ধান্ত আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে।”

তিনি আরও জানান, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নথি হাতে পাননি। তবে সিদ্ধান্তের কাগজ পেলেই তিনি হাইকোর্টে রিট করবেন।

একজন অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে—যিনি কোনো শিল্পী সংগঠনের সদস্যও নন—একটি চলচ্চিত্রের মুক্তি আটকে দেওয়া যায় কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।

উল্লেখ্য, এর আগেও একই প্রকল্প নিয়ে আপত্তি জানিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তাঁর দাবি ছিল, যুক্তরাষ্ট্রে এক ঘণ্টার নাটক হিসেবে কাজটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। পরে সেটিকে টেলিফিল্ম করার কথা বলা হলেও সম্প্রতি জানতে পারেন, সেটিই সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নিচ্ছে।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর এবং জেবা জান্নাত।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে