ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

সাবসিডিয়ারিতে ২৯৩ কোটি টাকার বিনিয়োগ নিয়ে প্যারামাউন্ট টেক্সটাইলের বড় সিদ্ধান্ত

২০২৬ জুলাই ০২ ১০:১৫:১৩
সাবসিডিয়ারিতে ২৯৩ কোটি টাকার বিনিয়োগ নিয়ে প্যারামাউন্ট টেক্সটাইলের বড় সিদ্ধান্ত

প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি–এর পরিচালনা পর্ষদের এক সভায় সহযোগী প্রতিষ্ঠান ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে বিনিয়োগকৃত অর্থকে প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ৩০ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এটি কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) হিসেবে ঘোষণা করা হয়েছে।

সভায় জানানো হয়, ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডে প্যারামাউন্ট টেক্সটাইলের একটি সহযোগী প্রতিষ্ঠান, যেখানে মূল কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ শেয়ার রয়েছে। ডাইনামিক সান এনার্জি একটি প্রকল্পভিত্তিক কোম্পানি হিসেবে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। এ প্রকল্পে প্যারামাউন্ট টেক্সটাইল ইতোমধ্যে উল্লেখযোগ্য অঙ্কের বিনিয়োগ করেছে।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ডাইনামিক সান এনার্জিতে বিনিয়োগ করা প্রায় ২০০ কোটি টাকা রূপান্তর করা হবে রূপান্তরযোগ্য কিন্তু অবিমোচনযোগ্য (Convertible Non-Redeemable) প্রেফারেন্স শেয়ারে। প্রতি শেয়ারের মূল্য ১০ টাকা ধরে মোট ২০ কোটি প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে, যার ওপর বার্ষিক ৯ শতাংশ হারে লভ্যাংশ/কুপন প্রদান করা হবে। এই শেয়ারগুলো বরাদ্দের তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য হবে।

এছাড়া আরও ৯৩ কোটি ১ লাখ টাকা রূপান্তর করা হবে অরূপান্তরযোগ্য কিন্তু মেয়াদি (Non-Convertible Redeemable) প্রেফারেন্স শেয়ারে। প্রতি শেয়ার ১০ টাকা মূল্যে মোট ৯ কোটি ৩০ লাখ ১০ হাজার প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে, যেগুলোর ওপরও বার্ষিক ৯ শতাংশ হারে লভ্যাংশ প্রদান করা হবে এবং বরাদ্দের তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে এসব শেয়ার অবসায়ন (রিডেম্পশন) করা হবে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সভায় বলেন, সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এই বিনিয়োগ কাঠামো পুনর্গঠন করা হচ্ছে, যা ভবিষ্যতে প্রকল্পটির আর্থিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে সহায়ক হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন