ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

‘হাসলে মিষ্টি, না হাসলে আগুন’

২০২৬ জুলাই ১৯ ০৯:০১:৩০
‘হাসলে মিষ্টি, না হাসলে আগুন’

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তার ৪৪তম জন্মদিন উপলক্ষে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ থেকে অভিনেত্রীর নতুন লুক প্রকাশ করেছেন নির্মাতা এস এস রাজামৌলি। লুকটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কার পোস্টার শেয়ার করে রাজামৌলি লিখেছেন, “হাসলে মিষ্টি, আর না হাসলে আগুন ঝরে।” নির্মাতার এই মন্তব্যও নেটিজেনদের দৃষ্টি কাড়ে।

সম্প্রতি ‘হে জোনাস’ পডকাস্টে প্রিয়াঙ্কা জানান, গত প্রায় ১৪ মাস ধরে সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। রাজামৌলির মতো নির্মাতার সঙ্গে কাজ করতে সময় লাগাটা স্বাভাবিক বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

তবে সিনেমার গল্প সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি প্রিয়াঙ্কা। শুধু জানান, এটি সময় ও পৃথিবীর বিভিন্ন প্রান্তজুড়ে বিস্তৃত এক মহাকাব্যিক অ্যাডভেঞ্চারধর্মী গল্প। পাশাপাশি সিনেমাটিতে একাধিক বড় অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

প্রিয়াঙ্কা আরও জানান, ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তনের আগে রাজামৌলির কাছে তার একটি বিশেষ শর্ত ছিল। তিনি চেয়েছিলেন, সিনেমাটিতে যেন একটি পূর্ণাঙ্গ গান ও নাচের দৃশ্য থাকে। কারণ, দীর্ঘ বিরতির পর বলিউডে ফেরাটা তিনি স্মরণীয় করে রাখতে চেয়েছেন।

‘বারাণসী’ সিনেমায় মহেশ বাবুকে দেখা যাবে রুদ্র চরিত্রে, প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করছেন মন্দাকিনী চরিত্রে এবং পৃথ্বীরাজ সুকুমারন রয়েছেন কুম্ভ চরিত্রে। ইতোমধ্যে ছবিটির বেশ কয়েকটি বড় অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ হয়েছে।

প্রায় ১ হাজার ৪০০ কোটি রুপি বাজেটের এই মেগা প্রজেক্টের শুটিং চলতি বছরের অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের এপ্রিলে বিশ্বব্যাপী মুক্তি পাবে রাজামৌলির এই বহুল প্রতীক্ষিত সিনেমা।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন