ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

অন্তঃসত্ত্বা কিয়ারাকে নিয়ে চিন্তায় ছিলেন যশ

২০২৬ আগস্ট ১৫ ০৯:৫৭:১৩
অন্তঃসত্ত্বা কিয়ারাকে নিয়ে চিন্তায় ছিলেন যশ

বিনোদন ডেস্ক : মাতৃত্বের পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী। দক্ষিণী তারকা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ দেখা যাবে তাঁকে। সিনেমাটির একটি অংশের শুটিং কিয়ারা করেছিলেন অন্তঃসত্ত্বা অবস্থায়। সেই সময়ের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে এবার মুখ খুলেছেন যশ।

মুম্বাইয়ে ‘টক্সিক’-এর সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে কিয়ারার প্রসঙ্গে কথা বলতে গিয়ে যশ জানান, শুটিংয়ের সময় অভিনেত্রীকে নিয়ে তিনি বেশ চিন্তায় থাকতেন। কারণ সিনেমাটির শুটিংয়ে বেশ কিছু কঠিন ও শারীরিক পরিশ্রমের দৃশ্য ছিল।

যশ বলেন, কিয়ারা অত্যন্ত পেশাদার অভিনেত্রী। সিনেমাটিতে কাজের শুরু থেকেই তাঁর নিবেদন দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। তবে কাজের ধরন বিবেচনায় কিয়ারাকে নিয়ে শুরু থেকেই কিছুটা উদ্বিগ্ন ছিলেন।

অভিনেতার ভাষায়, সিনেমাটির কাজ কঠিন হওয়ায় কিয়ারা যখন প্রথমবার তাঁর সঙ্গে কথা বলেন, তখন বৃষ্টির মধ্যে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও জানতে চেয়েছিলেন। যশ তাঁকে জানিয়েছিলেন, আগে এমন অভিজ্ঞতা না থাকলেও কাজটি ভালোই হবে।

এরপর কিয়ারা যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন, সেটি দেখে মুগ্ধ হয়েছেন যশ। বিশেষ করে অন্তঃসত্ত্বা হওয়ার পরও অভিনেত্রী শুটিংয়ের প্রতি পুরোপুরি দায়বদ্ধ ছিলেন বলে জানান তিনি।

যশ বলেন, “ও অন্তঃসত্ত্বা হওয়ার পরেও ১০০ শতাংশ দিয়েছে। ও ছবিটির প্রতি ভীষণ নিবেদিত এবং দায়বদ্ধ ছিল। আমি চিন্তায় ছিলাম, গীতু আরও বেশি চিন্তিত ছিল। আমরা যেন ওর দেহরক্ষী হয়ে গিয়েছিলাম। সব সময়ে ওর যত্ন নিতাম।”

কিয়ারার পেশাদারিত্বের প্রশংসা করে যশ আরও বলেন, সিনেমাটির জন্য অভিনেত্রী সত্যিই নিজেকে উজাড় করে দিয়েছেন। এ জন্য কিয়ারাকে ধন্যবাদও জানান তিনি।

এর আগেও ‘টক্সিক’-এর প্রচারে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন যশ। সিনেমাটির ‘তবাহী’ গান প্রকাশের পর কিয়ারার কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছিল। পরে সিনেমার ঝলক প্রকাশ অনুষ্ঠানে সেই বিতর্কের প্রসঙ্গে কিয়ারার পেশাদারিত্বের প্রশংসা করেন যশ।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন