ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

আবার একসঙ্গে রাজ–সাবিলা, এবার গল্প ‘সময়ের’

২০২৬ সেপ্টেম্বর ০১ ০৮:৪২:৫২
আবার একসঙ্গে রাজ–সাবিলা, এবার গল্প ‘সময়ের’

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শরিফুল রাজ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর আবারও জুটি বাঁধছেন। তবে নাটক বা ওয়েব কনটেন্টে নয়, এবার পুরোপুরি বাণিজ্যিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে এই জুটিকে। নতুন সিনেমাটির নাম ‘কানাভুলা প্যারাডক্স’।

রহস্য ও রোমাঞ্চে ভরপুর ভিন্নধর্মী গল্পের সিনেমাটি ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়ে শরিফুল রাজ লিখেছেন, ‘ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক।’

রাজের এই পোস্টের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বুড়িগঙ্গা টকিজের ব্যানারে নির্মিত হতে যাওয়া সিনেমাটির প্রযোজক গুণী নির্মাতা ও প্রযোজক তানিম নূর।

এটি প্রযোজনা প্রতিষ্ঠানটির তৃতীয় চলচ্চিত্র। ‘কানাভুলা প্যারাডক্স’-এর মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ দুই নির্মাতা আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের।

সিনেমাটির গল্প রোমান্টিক ধারার বাইরে গিয়ে সময়ের জটিল সমীকরণ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছে বলে জানা গেছে। প্রধান দুই চরিত্রে রাজ ও সাবিলাকে দেখা যাবে একেবারে ভিন্ন লুকে।

এর আগে গত ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই জুটির পর্দার রসায়ন দর্শকদের নজর কাড়ার পর এবার আরও ভিন্ন গল্প নিয়ে বড়পর্দায় ফিরছেন তারা।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন