ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি

২০২৬ অক্টোবর ০১ ০৯:২০:৪৭
নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২০২৬ সালের আর্থিক বিবরণীর ওপর ফান্ডটির অনিয়মের কারনে আপত্তি দিয়েছেন নিরীক্ষক। ছয় মাসের গড় বাজারদর ন্যায্য মূল্যে নির্ধারিত নিট সম্পদমূল্যের (এনএভি) চেয়ে ৫৪ দশমিক ৭৫ শতাংশ কম থাকলেও ইউনিটধারীদের সভা না ডাকায় নিরীক্ষক আপত্তি জানিয়েছেন।

৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের আর্থিক বিবরণী নিরীক্ষা করে এই মতামত দিয়েছেন এম. জে. আবেদিন অ্যান্ড কোংয়ের অংশীদার হারুন মাহমুদ এফসিএ। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ফান্ডটির ছয় মাসের গড় লেনদেনমূল্য ছিল ৪ টাকা। এ দর ন্যায্য মূল্যে নির্ধারিত এনএভির চেয়ে ৫৪ দশমিক ৭৫ শতাংশ কম।

নিরীক্ষকের মতে, মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫-এর ২৪(১৫)(ঙ) ধারায় নির্ধারিত ২৫ শতাংশ সীমার চেয়ে এই ব্যবধান অনেক বেশি। এ ধরনের পরিস্থিতিতে বিধি অনুযায়ী ট্রাস্টির ইউনিটধারীদের সভা ডাকার কথা থাকলেও তা করা হয়নি। এ কারণেই নিরীক্ষক শর্তযুক্ত মতামতের ভিত্তি হিসেবে বিষয়টি উল্লেখ করেছেন।

এদিকে ফান্ডটির ইউনিটদরে সাম্প্রতিক সময়ে বড় উত্থান হয়েছে। গত ছয় মাসে ইউনিটটির দর বেড়েছে ১৩ টাকা ১০ পয়সা বা ২৫৭ শতাংশ। ছয় মাসের মধ্যে এটি শেয়ারবাজারের সব কোম্পানির মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির ঘটনা। এতে ইউনিটটির দর বেড়ে ১৮ টাকা ২০ পয়সায় উঠেছে।

তবে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুসন্ধানে এই অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। ২৭ সেপ্টেম্বর ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৮ টাকা ৫৫ পয়সা। অর্থাৎ বাজারদর এনএভির তুলনায় দ্বিগুণেরও বেশি।

ফান্ডটির ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ট্রাস্টি। যদিও এ সময়ে ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৬৪ পয়সা।

দর বৃদ্ধির মধ্যে ফান্ডটির উদ্যোক্তা ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির কাছে থাকা ১ কোটি ২০ লাখ ইউনিটের মধ্যে এই ২০ লাখ ইউনিট আগামী ২৯ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে বিক্রি করার কথা রয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক বিবরণীর ওপরও শর্তযুক্ত মতামত দিয়েছিল নিরীক্ষক কে. এম. হাসান অ্যান্ড কোং। ওই নিরীক্ষা মতামত প্রকাশ করা হয় ৬ আগস্ট ২০২৫। ফলে টানা দুই বছর ফান্ডটির আর্থিক বিবরণীতে নিরীক্ষকের শর্তযুক্ত মতামত পাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন