ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা জোরদারে ডিএসইর বিশেষ কর্মসূচি

২০২৬ অক্টোবর ১১ ১৭:১২:৪৮
শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা জোরদারে ডিএসইর বিশেষ কর্মসূচি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা জোরদার এবং অনলাইন প্রতারণার ঝুঁকি মোকাবিলায় ট্রেকহোল্ডারদের মাসব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে অক্টোবরজুড়ে বিশেষ এ কর্মসূচি হাতে নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজারটি। প্রশিক্ষণের পাশাপাশি অনলাইন কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছে সংস্থাটি।

রোববার (১১ অক্টোবর) ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো অক্টোবর মাসজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ডিএসই। এর মূল লক্ষ্য হলো সংস্থাটির কর্মকর্তা-কর্মচারী ও ট্রেকহোল্ডারদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করা। একই সঙ্গে অনলাইন প্রতারণা সম্পর্কে সতর্কতা বাড়ানো, নিরাপদ ডিজিটাল কার্যক্রমে উৎসাহিত করা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বশীল আচরণ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মসূচির আওতায় ট্রেকহোল্ডারদের জন্য অনলাইনভিত্তিক প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়েছে। জুম প্ল্যাটফর্মে বিভিন্ন দলে ভাগ করে এসব প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে সাইবার নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি ট্রেকহোল্ডারদের সাইবার নিরাপত্তাবিষয়ক জ্ঞান যাচাই ও সচেতনতা বাড়াতে আয়োজন করা হয়েছে অনলাইন কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগীদের উত্তর মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। এ কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী ট্রেকহোল্ডারদের স্বীকৃতি দেওয়ারও উদ্যোগ নিয়েছে ডিএসই।

ডিএসইর নিয়মিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে নির্বাচিত শীর্ষ পারফরম্যান্সকারী ট্রেকহোল্ডারদের সনদ ও স্বীকৃতি দেওয়া হবে। এর মাধ্যমে সাইবার নিরাপত্তাবিষয়ক কার্যক্রমে তাঁদের অংশগ্রহণ আরও উৎসাহিত হবে বলে আশা করছে সংস্থাটি।

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডিএসই প্রাঙ্গণে সাইবার নিরাপত্তাবিষয়ক ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটারে ব্যবহার করা হচ্ছে সচেতনতামূলক ডেস্কটপ ওয়ালপেপার।

এসব উদ্যোগের মাধ্যমে সন্দেহজনক ই-মেইল, ক্ষতিকর লিংক ও সম্ভাব্য সাইবার ঝুঁকি শনাক্ত করার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এর ফলে দৈনন্দিন ডিজিটাল কার্যক্রমে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়বে বলে আশা করছে ডিএসই।

কর্মসূচিটি বাস্তবায়নে ডিএসইর তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিভাগ (আইএসএস) সমন্বয়কের দায়িত্ব পালন করছে। বিভাগটি কর্মসূচির পরিকল্পনা, সচেতনতামূলক উপকরণ তৈরি, প্রশিক্ষণ সেশন এবং কুইজ প্রতিযোগিতা পরিচালনা করছে।

এ ছাড়া ডিএসইর আইটি অবকাঠামো, নেটওয়ার্ক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এবং ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।

ডিএসইর মতে, প্রযুক্তিনির্ভর শেয়ারবাজারের কার্যক্রম নিরাপদ রাখতে শুধু প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থা যথেষ্ট নয়; কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অংশীজনদের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বিত এ উদ্যোগ শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি একটি নিরাপদ ও নির্ভরযোগ্য প্রযুক্তিনির্ভর বাজার গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন