ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার

২০২৬ নভেম্বর ০১ ১১:২৫:৩১
রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ও বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি তিনটি নতুন রয়্যালটি চুক্তি করেছে। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে করা এসব চুক্তিতে নির্বাচিত ব্র্যান্ডের নিট বিক্রির ওপর ৬ শতাংশ হারে রয়্যালটি দিতে হবে। নতুন চুক্তিগুলো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নতুন চুক্তিগুলো সম্পর্কে অবহিত করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানির তথ্য অনুযায়ী, রেকিট বেনকিজার (ইএনএ) বিভি, নেদারল্যান্ডসের সঙ্গে ২০১৯ সালের ১০ এপ্রিল করা আগের লাইসেন্স চুক্তি এবং ২০২৩ সালের ৮ আগস্ট করা প্রথম সংশোধনী বাতিল করা হয়েছে। একইভাবে রেকিট বেনকিজার হেলথ লিমিটেড, যুক্তরাজ্যের সঙ্গে করা আগের লাইসেন্স চুক্তি ও প্রথম সংশোধনীও বাতিল হয়েছে। উভয় চুক্তি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকরভাবে বাতিল করা হয়েছে।

আগের চুক্তিতে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠানের নির্বাচিত ব্র্যান্ডের নিট বিক্রির ওপর সাড়ে ৩ থেকে ৫ শতাংশ রয়্যালটি দিতে হতো। আর যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে রয়্যালটির হার ছিল ৬ শতাংশ।

নতুন চুক্তির আওতায় নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রেকিট বেনকিজার এলএলসির সঙ্গেও লাইসেন্স চুক্তি করেছে বাংলাদেশি প্রতিষ্ঠানটি। তিনটি চুক্তিতেই নির্বাচিত ব্র্যান্ডের নিট বিক্রির ওপর ৬ শতাংশ রয়্যালটি নির্ধারণ করা হয়েছে।

কোম্পানি জানিয়েছে, নতুন চুক্তিগুলো অনুমোদনের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে জমা দেওয়া হবে। অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন