ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোকিয়া, ইন্টেল ও সিনপসিসে বিনিয়োগ কমাল এনভিডিয়া

২০২৬ নভেম্বর ২১ ০৯:০৯:৩১
নোকিয়া, ইন্টেল ও সিনপসিসে বিনিয়োগ কমাল এনভিডিয়া

প্রযুক্তি খাতের বড় তিন প্রতিষ্ঠান নোকিয়া, ইন্টেল ও সিনপসিসে নিজেদের শেয়ার বিক্রি করে বিনিয়োগ কমিয়েছে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা এনভিডিয়া। এর মধ্যে ফিনল্যান্ডভিত্তিক টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা নোকিয়ায় থাকা শেয়ারের অর্ধেকের বেশি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। তবে অন্যদিকে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সে বিনিয়োগ বাড়িয়েছে এনভিডিয়া।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া সর্বশেষ নথিতে এ তথ্য উঠে এসেছে। নথি অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে নোকিয়ার ৯ কোটি ৩৫ লাখ ৩০ হাজার শেয়ার বিক্রি করেছে এনভিডিয়া।

এর আগে ২০২৫ সালে নোকিয়ায় ১৬ কোটি ৬০ লাখ শেয়ার কিনেছিল এনভিডিয়া। ওই বিনিয়োগের মাধ্যমে নোকিয়ায় প্রতিষ্ঠানটির মালিকানা দাঁড়িয়েছিল ২ দশমিক ৯ শতাংশে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নেটওয়ার্ক প্রযুক্তির উন্নয়নে নোকিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছিল এনভিডিয়া।

শেয়ার বিক্রির পর বর্তমানে নোকিয়ায় এনভিডিয়ার হাতে রয়েছে প্রায় ৭ কোটি ৩০ লাখ শেয়ার। এসব শেয়ারের বাজারমূল্য প্রায় ৭৩ কোটি ৮৮ লাখ ডলার। তবে মালিকানা কমালেও নোকিয়ার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক (এআই-র‌্যান) প্রযুক্তির উন্নয়নে অংশীদারত্ব অব্যাহত রেখেছে এনভিডিয়া। পাশাপাশি ভবিষ্যতের ষষ্ঠ প্রজন্মের (৬জি) মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি নিয়েও দুই প্রতিষ্ঠান কাজ করছে।

নোকিয়ার পাশাপাশি ইন্টেল ও সিনপসিসেও বিনিয়োগ কমিয়েছে এনভিডিয়া। ইন্টেলে থাকা শেয়ারের প্রায় ২৫ শতাংশ এবং সিনপসিসে থাকা শেয়ারের প্রায় ১০ শতাংশ বিক্রি করেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।

তবে স্পেসএক্সে বিনিয়োগ বাড়িয়েছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটি নতুন করে ৭৭ লাখ শেয়ার কিনেছে। এতে স্পেসএক্সে এনভিডিয়ার মোট শেয়ারের সংখ্যা ১৩ কোটির বেশি হয়েছে। এসব শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় ১ হাজার ৯৬৮ কোটি ডলার।

প্রযুক্তি খাতের একাধিক প্রতিষ্ঠানে বিনিয়োগ পুনর্বিন্যাসের এই পদক্ষেপে একদিকে পুরোনো বিনিয়োগ কমিয়েছে এনভিডিয়া, অন্যদিকে মহাকাশ প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন