ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

ব্যাংক লুটপাটের বিচারের দাবি

২০২৬ মে ১৩ ০৬:৩১:১৯
ব্যাংক লুটপাটের বিচারের দাবি

বাংলাদেশের ব্যাংক খাতে দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের সুষ্ঠু বিচার দাবি করে বাংলাদেশ ব্যাংক-এর গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছে আইনজীবীদের সংগঠন ল’ইয়ার্স ভয়েস বাংলাদেশ।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের কো-অর্ডিনেটর ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, দেশের ব্যাংক খাত বর্তমানে গভীর সংকটে রয়েছে। অনেক ব্যাংকে গ্রাহকরা নিজেদের জমাকৃত অর্থ তুলতে পারছেন না। কোথাও মাত্র ২ হাজার বা ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে, আবার কোথাও একেবারেই টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে সংঘবদ্ধভাবে দুর্নীতি ও অর্থ পাচার হয়েছে। এর ফলে সাধারণ আমানতকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উদাহরণ হিসেবে তিনি জানান, একজন ক্যানসার আক্রান্ত রোগী চিকিৎসার জন্য ভারতে যেতে চাইলেও নিজের হিসাবে থাকা প্রায় দেড় কোটি টাকা তুলতে পারেননি। সংশ্লিষ্ট ব্যাংক তাকে মাত্র ৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে, যা অত্যন্ত মর্মান্তিক।

দেলোয়ার হোসেন আরও বলেন, গত ২৮ এপ্রিল গভর্নরের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করা হলেও সাক্ষাতের সুযোগ মেলেনি। তবে সংগঠনের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিটি গভর্নরের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

আইনজীবীদের এই সংগঠনের দাবি, ব্যাংক খাতে দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে