ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ভারতের শেয়ারবাজারে বড় পতন, সরছেন বিদেশীরা

২০২৬ অক্টোবর ২১ ০৮:২৯:১১
ভারতের শেয়ারবাজারে বড় পতন, সরছেন বিদেশীরা

অর্থ বাণিজ্য ডেস্ক : ভারতের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) লেনদেন শেষে দেশটির প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটি-৫০ এক শতাংশের বেশি কমেছে। এতে এক দিনেই বিনিয়োগকারীদের প্রায় চার লাখ কোটি টাকার বাজারমূল্য কমেছে।

সোমবার লেনদেন শেষে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স ৮৭৬ দশমিক ৩৮ পয়েন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ কমে ৭৩ হাজার ৮৫২ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি-৫০ সূচক ২৫৭ দশমিক ২০ পয়েন্ট বা ১ দশমিক ১১ শতাংশ কমে ২২ হাজার ৮৮৮ দশমিক ৯৫ পয়েন্টে নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বেসরকারি ব্যাংকগুলোর দুর্বল আর্থিক ফল এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ—এই তিন কারণে বাজারে পতন হয়েছে।

আন্তর্জাতিক বাজারে সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলারের কাছাকাছি ছিল। তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে সুদের হার ও আর্থিক নীতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, যার প্রভাব পড়েছে শেয়ারবাজারে।

এদিকে ভারতের কয়েকটি বেসরকারি ব্যাংকের সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক ফল বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এর প্রভাবে অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক ও ইয়েস ব্যাংকের শেয়ারের দাম কমেছে। ব্যাংক খাতের শেয়ারে দরপতনের কারণে নিফটি ব্যাংক সূচকও নিম্নমুখী হয়েছে।

বাজারে চাপ বাড়িয়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রিও। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অক্টোবর মাসে এ পর্যন্ত ভারতীয় শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা ৫২ হাজার ১০০ কোটি টাকা তুলে নিয়েছেন। চলতি বছর তাঁদের মোট শেয়ার বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ১২ হাজার ৪০২ কোটি টাকা।

বাজারের এই পতনে বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য ৪৭২ দশমিক ৬ লাখ কোটি থেকে কমে ৪৬৯ লাখ কোটি টাকায় নেমেছে। ফলে এক দিনের লেনদেনেই বিনিয়োগকারীদের সম্পদের বাজারমূল্যে বড় ধাক্কা লেগেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন