ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চিত্রনাট্যের বাইরে ঐশ্বরিয়াকে ছুঁয়ে বকুনি খান সালমান

২০২৬ অক্টোবর ২৪ ০৬:১৯:৫৬
চিত্রনাট্যের বাইরে ঐশ্বরিয়াকে ছুঁয়ে বকুনি খান সালমান

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় ছবি ‘হম দিল দে চুকে সনম’-এর শুটিংয়ে চিত্রনাট্যের বাইরে গিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চনের হাত ছুঁয়েছিলেন সালমান খান। বিষয়টি পরিচালকের চোখ এড়ায়নি। দৃশ্যের প্রয়োজনে নয়, প্রেমের টানেই ঐশ্বরিয়াকে স্পর্শ করেছিলেন সালমান—এমনটাই দাবি করেছেন ছবির অভিনেত্রী স্মিতা জয়কর। তাঁর কথায়, ঘটনাটি দেখে সালমানকে বকেছিলেন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী। আর সেটে উপস্থিত অন্যদের হাসির মুখে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন ঐশ্বরিয়াও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ছবিটির শুটিংয়ের সেই ঘটনা সামনে আনেন স্মিতা। ছবিতে ঐশ্বরিয়ার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। স্মিতার দাবি, ছবির শুটিংয়ের সময় সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠছিল। তাঁদের চোখেমুখে সেই ভালোবাসার প্রকাশও ধরা পড়ত। বাস্তব জীবনের সেই রসায়ন পর্দায়ও ছবিটিকে অন্য মাত্রা দিয়েছিল বলে মনে করেন তিনি।

স্মিতা জানান, ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ গানের শুটিংয়ে একটি দৃশ্যে টেবিলের চারপাশ দিয়ে হেঁটে আসার কথা ছিল সালমানের। কাছেই দাঁড়িয়ে থাকার কথা ছিল ঐশ্বরিয়ার। কিন্তু দৃশ্যের নির্দেশনা অনুসরণ না করে সালমান হঠাৎ ঐশ্বরিয়ার হাত ছুঁয়ে ফেলেন। বিষয়টি দেখে পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী তাঁকে প্রশ্ন করেন, কেন তিনি ঐশ্বরিয়ার হাত ছুঁয়েছেন।

স্মিতার ভাষ্য অনুযায়ী, দৃশ্যটিতে সালমানের শুধু দাঁড়িয়ে থেকে ঐশ্বরিয়ার দিকে তাকানোর কথা ছিল। কিন্তু ঐশ্বরিয়ার প্রতি ভালোবাসার টানেই তিনি হাত ছুঁয়েছিলেন। এ ঘটনায় সঞ্জয় তাঁকে বকাঝকাও করেন।

ঘটনাটি দেখে সেটে উপস্থিত কলাকুশলীরা হেসে ওঠেন। তাঁদের হাসি দেখে পরিস্থিতি বুঝতে পেরে লজ্জা পেয়ে যান ঐশ্বরিয়াও বলে জানান স্মিতা।

শুটিংয়ে দেরি নিয়েও বিরক্ত ছিলেন কলাকুশলীরা

সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের রসায়ন শুটিংয়ে যেমন আলোচনার বিষয় ছিল, তেমনি তাঁদের দেরিতে সেটে আসা নিয়েও বিরক্তি তৈরি হয়েছিল বলে জানান স্মিতা। তাঁর দাবি, অনেক সময় সকাল ৭টায় কাজ শুরু হওয়ার কথা থাকলেও দুই তারকার দেখা মিলত বেলা ১১টার দিকে। তাঁদের জন্য অপেক্ষা করতে হতো অন্য কলাকুশলীদের।

স্মিতা বলেন, প্রেমে পড়লে মানুষকে নিয়ে আর কী-ই বা বলা যায়! তাঁর মতে, সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের সেই সময়টা ছবির জন্য ইতিবাচক হয়েছিল। দুজনের চোখেমুখে ভালোবাসার প্রকাশ দর্শকের কাছেও ছবিটির আবেগকে বিশ্বাসযোগ্য করে তুলেছিল।

‘হম দিল দে চুকে সনম’ ছবিতে সালমান ও ঐশ্বরিয়া ছাড়াও অভিনয় করেন অজয় দেবগন। ছবির গল্পে নন্দিনী (ঐশ্বরিয়া) ও সমীরের (সালমান) প্রেমের সম্পর্কের মধ্যে আসে বনরাজ (অজয়)। পরে বনরাজের সঙ্গে নন্দিনীর বিয়ে তাঁদের সম্পর্কের গতিপথ বদলে দেয়। ছবিতে নন্দিনীর মা অমৃতা দরবারের চরিত্রে অভিনয় করেন স্মিতা জয়কর। ইসমাইল দরবারের সুরে ছবির গানগুলো আজও জনপ্রিয়।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন