ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

দুই বছরের মধ্যে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে

২০২৬ জুন ২২ ১৮:৪৩:৫৫
দুই বছরের মধ্যে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগামী দুই বছরের মধ্যে দেশের শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে সরকার একযোগে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করেছে এবং এর ইতিবাচক ফল সামনে আসতে শুরু করেছে।

সোমবার রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

অর্থমন্ত্রী বলেন, “দেশে শেয়ারবাজার বলে কার্যত কিছুই ছিল না, এটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা সেই ধ্বংসস্তূপ থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছি।” তিনি জানান, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থায় নতুন চেয়ারম্যান ও তিনজন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে কোনো রাজনৈতিক বিবেচনা করা হয়নি। বরং বাজার সম্পর্কে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শেয়ারবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারণার শিকার হওয়া বন্ধ করাই সরকারের প্রধান লক্ষ্য। “বাংলাদেশের শেয়ারবাজারে এখন ভালো কোম্পানি আসতে চায় না, কারণ তাদের আস্থা নেই। আমাদের প্রথম দায়িত্ব হলো সেই আস্থা ফিরিয়ে আনা,”—বলেন তিনি।

অর্থমন্ত্রী জানান, সরকারের নেওয়া উদ্যোগের ফলে ইতোমধ্যে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। বিশ্বের শীর্ষ বিনিয়োগ ব্যাংক JP Morgan-এর প্রতিনিধিরা একাধিকবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “আগামী দুই বছরের মধ্যেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে। এতে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।”

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বিজনেস স্কুলের ডিন অধ্যাপক এম এ বাকী খলিলী। সেমিনারটি সঞ্চালনা করেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান।

অর্থমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীদের জন্য পরিবেশ সহজ করতে সরকার বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নিয়েছে। “আমাদের দেশে অতিরিক্ত নিয়ন্ত্রণ রয়েছে। আমরা এই নিয়ন্ত্রণ থেকে মানুষকে মুক্ত করতে চাই। কাউকে কারও পেছনে ঘুরতে হবে না, তাঁবেদারি করতে হবে না। এতে বাধা এলে, সেই বাধা অপসারণ করা হবে,”—বলেন তিনি।

সেমিনারে বক্তব্য দেন অর্থনীতিবিদ সেলিম জাহান, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), অর্থনীতিবিদ ও ব্যাংকার মামুন রশিদ, র‍্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাকসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন