ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

এজিএমে লভ্যাংশ অনুমোদন, শেয়ারহোল্ডাররা পাচ্ছে ১০ কোটি টাকা

২০২৬ জুন ২৩ ১৫:৪৪:২৫
এজিএমে লভ্যাংশ অনুমোদন, শেয়ারহোল্ডাররা পাচ্ছে ১০ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারন বিমা কোম্পানী বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে কোম্পানিটির পর্ষদের সুপারিশকৃত ২২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন পেয়েছে। এরমধ্য দিয়ে কোম্পানিটি থেকে শেয়ারহোল্ডারদের ৯ কোটি ৭৪ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।

এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল। সভায় ডিজিটাল প্লাটফর্মে পরিচালনা পর্ষদের তাহমিনা বিনতে মোস্তফা, তাসনিম বিনতে মোস্তফা, তানভির মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সানাউল্লাহ, অসংখ্য শেয়ারহোল্ডারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

এজিএমে লভ্যাংশ ছাড়াও আর্থিক প্রতিবেদন অনুমোদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারনসহ কোম্পানীর নামের সাথে পিএলসি সংযুক্ত করণ শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

উল্লেখ্য এ কোম্পানির ২০২৫ সালে প্রিমিয়াম বৃদ্ধি পেয়ে হয়েছে ১১৮ কোটি ৩০ লাখ টাকা, মোট সম্পদ হয়েছে ২৯২ কোটি ২৪ লাখ টাকা এবং মোট রিজার্ভ ১২৫ কোটি ১৭ লাখ টাকা। ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮১ পয়সা। এতে করে নিট মুনাফা হয়েছে ২১ কোটি ২৮ লাখ টাকা।

ভার্চুয়াল সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশ আরো বৃদ্ধি করার প্রত্যাশা করে কোম্পানির ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। ডিজিটাল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ মাসুদ রানা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স শেয়ারবাজারে আসার পর থেকে নিয়মিত উত্থানে রয়েছে। এরমধ্যে চলতি অর্থবছরের ৩ মাসের (জানুয়ারি-মার্চ ২০২৬) ব্যবসায় ৫২ শতাংশ মুনাফা বেড়েছে।

জানা গেছে, কোম্পানিটির ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৬১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.০৬ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৫৫ টাকা বা ৫২ শতাংশ।

গত ৩১ মার্চ এ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৮৭ টাকায়।

২০১৬ সালে শেয়ারবাজারে আসে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। ওই বছর কোম্পানিটির জন্য শুধুমাত্র অভিহিত মূল্যে বা ১০ টাকা করে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করে। সেই কোম্পানির শেয়ার দর মঙ্গলবার (২৩ জুন) লেনদেন শেষে দাঁড়িয়েছে ১১৬.২০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন