ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

শেয়ারবাজারে আস্থার সংকট কাটানোই বড় চ্যালেঞ্জ: মিনহাজ মান্নান

২০২৬ অক্টোবর ০৬ ১৮:১৮:২৮
শেয়ারবাজারে আস্থার সংকট কাটানোই বড় চ্যালেঞ্জ: মিনহাজ মান্নান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন। তিনি বলেন বাজার সম্পর্কে বিনিয়োগকারীদের বিশ্বাস ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থা স্টক এক্সচেঞ্জ ও কোম্পানিগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

মিনহাজ মান্নান ইমন বলেন শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে গেছে। অনেক বিনিয়োগকারী এখন এই বাজারকে বিশ্বাস করতে চান না। ফলে শুধু বাজারের সূচক বা শেয়ারের দর বাড়ানোর মাধ্যমে এই সংকট কাটানো সম্ভব নয়। বিনিয়োগকারীর অর্থের নিরাপত্তা ও ন্যায্যতা নিশ্চিত করাই আস্থা ফেরানোর প্রধান শর্ত।

তিনি বলেন বাজারে বিনিয়োগকারীদের একটি বড় অংশ পর্যাপ্ত জ্ঞান ও বিশ্লেষণ ছাড়াই বিনিয়োগ করেন। তারা কোম্পানির আর্থিক অবস্থা বা ব্যবসার মৌলভিত্তি না বুঝেই শেয়ার কেনেন। ফলে ক্ষতির মুখে পড়েন। বিনিয়োগকারীদের জ্ঞান বাড়ানোর পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জের দায়িত্বও বাড়াতে হবে।

ডিএসই পরিচালক বলেন শেয়ারবাজারের নেতৃত্বে থাকা ব্যক্তিদের বাজার সম্পর্কে বাস্তব জ্ঞান থাকা প্রয়োজন। বিশেষ করে কোম্পানির আর্থিক বিবরণী ও আর্থিক বিশ্লেষণ বোঝার সক্ষমতা থাকতে হবে। বাজারের মৌলিক বিষয় না বুঝে বিনিয়োগকারী সুরক্ষা বা ঝুঁকি ব্যবস্থাপনা কার্যকর করা কঠিন।

তিনি বলেন বর্তমান বিএসইসি চেয়ারম্যানের হিসাববিজ্ঞানের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। ফলে তিনি বাজারের আর্থিক বিষয়গুলো বুঝতে পারবেন বলে আশা করছেন। পাশাপাশি বর্তমান কমিশন বাজার সংস্কারে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

মিনহাজ মান্নান ইমন বলেন মানহীন আইপিও ঠেকাতে নতুন নীতিমালা ও যাচাই প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। ভালো কোম্পানি ছাড়া বাজারে নতুন শেয়ার না এলে বিনিয়োগকারীদের অর্থ হারানোর ঝুঁকি কমবে। একই সঙ্গে মিউচুয়াল ফান্ডের অর্থ ব্যবস্থাপনাতেও সংস্কার প্রয়োজন।

তিনি আরও বলেন শেয়ারবাজারের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করা জরুরি। কেন্দ্রীয় ডিপোজিটরি ব্যবস্থা বা সিডিএল দ্রুত চালু করা গেলে বাজারের কাঠামোগত দুর্বলতা কমবে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এসব সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন বিনিয়োগকারীদের আস্থা একবার হারিয়ে গেলে তা ফিরিয়ে আনা কঠিন। তাই বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগকারীর অর্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন