ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এবার বেক্সিমকো ও শাইনপুকুরের নতুন বোর্ড অনুমোদন বিএসইসির

২০২৬ অক্টোবর ০৭ ১৫:৩৩:২৯
এবার বেক্সিমকো ও শাইনপুকুরের নতুন বোর্ড অনুমোদন বিএসইসির

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরে শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও দুই প্রতিষ্ঠান বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) পিএলসি ও শাইনপুকুর সিরামিকস পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিএসইসির ১০৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানি দুটির নতুন পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, বেক্সিমকোর নতুন পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে থাকছেন এ এস এফ রহমান। পরিচালক হিসেবে রয়েছেন ওকে চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কোয়ামরুন নাহার আহমেদ। এ ছাড়া করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুযায়ী আরও দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে।

অন্যদিকে, শাইনপুকুর সিরামিকসের নতুন পরিচালনা পর্ষদেও চেয়ারম্যান হিসেবে এ এস এফ রহমানকে রাখা হয়েছে। পরিচালক হিসেবে থাকছেন ওকে চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কোয়ামরুন নাহার আহমেদ। পাশাপাশি শাহ মঞ্জুরুল হককে স্বতন্ত্র পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী আরও একজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে।

বিএসইসির নথি অনুযায়ী, আদালতের মৌখিক নির্দেশনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কোম্পানি দুটির পক্ষ থেকে কমিশনের পূর্ববর্তী সিদ্ধান্ত প্রত্যাহার এবং প্রস্তাবিত নতুন পরিচালনা পর্ষদ অনুমোদনের জন্য আবেদন করা হয়েছিল।

নতুন পর্ষদ অনুমোদনের পাশাপাশি কমিশনের আগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন প্রত্যাহারের বিষয়েও সম্মতি দেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের আরেক তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন নয় সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেয় বিএসইসি। ওই পর্ষদেও সালমান এফ রহমানকে রাখা হয়নি।

বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পরিচালনাগত জটিলতা এবং আর্থিক প্রতিবেদন প্রকাশে তৈরি হওয়া অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফেরানোর অংশ হিসেবে এসব কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসের নতুন পর্ষদেও সালমান এফ রহমানকে রাখা হয়নি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন