ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুললেন পারসা ইভানা

২০২৬ জুন ২৯ ০৯:১৪:২৬
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুললেন পারসা ইভানা

শোবিজে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। পরিচালক ফারহাদ আহমেদ ইশান-এর বিরুদ্ধে চরম অপেশাদারিত্ব ও পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ এনেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পারসা ইভানা জানান, দীর্ঘ সাত মাস ধরে নিজের প্রাপ্য পারিশ্রমিক আদায়ের অপেক্ষায় রয়েছেন তিনি। শুধু তাই নয়, একই প্রজেক্টে কাজ করা টিমের আরও অনেক সদস্যও এখনো তাদের পাওনা বুঝে পাননি বলে অভিযোগ করেন অভিনেত্রী।

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে পারসা লেখেন,

“ফ্রড অ্যালার্ট। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে পরিচালক ফারহাদ আহমেদ ইশান সম্পর্কে কিছু কথা বলতে চাই। যোগাযোগ, পেশাদারিত্ব এবং পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে গুরুতর সমস্যার সম্মুখীন হতে হয়েছে।”

তিনি জানান, যদিও নিজের কিছু পারিশ্রমিক তিনি পেয়েছেন, তবে টিমের অন্য সদস্যদের পাওনা না মেটানোই তাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে।

“আমার নিজের টাকা না পেলেও হয়তো আমি মেনে নিতে পারি। কিন্তু আমার টিমের কেউ টাকা পায়নি—এটা একজন আর্টিস্ট হিসেবে আমারও দায়িত্ব।”

প্রোডাকশন বয় ও নতুনদের অবস্থার কথা তুলে ধরে পারসা আরও লেখেন,

“যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কথা কী হবে? যে নতুন ছেলেটা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছে, তার প্রাপ্যটুকু কি সে পাবে না?”

সহকর্মী ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন,

“কাজ শুরুর আগে অবশ্যই খোঁজখবর নিন, সব চুক্তি ও আর্থিক বিষয় লিখিতভাবে নিশ্চিত করুন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন।”

পরিশেষে তিনি প্রত্যাশা ব্যক্ত করে লেখেন,

“আমরা এমন একটি ইন্ডাস্ট্রি চাই, যেখানে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সর্বোচ্চ গুরুত্ব থাকবে। প্রতিশ্রুতি ভঙ্গের কোনো জায়গা সেখানে থাকা উচিত নয়।”

এ বিষয়ে গণমাধ্যমকে পারসা ইভানা জানান, পরিচালক ফারহাদ আহমেদ ইশানের সঙ্গে তিনি ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ নামের একটি ওয়েব কনটেন্টে কাজ করেছিলেন গত বছরের ডিসেম্বর-জানুয়ারি নাগাদ।

“গল্পটা সুন্দর ছিল। কিন্তু শুধু আমার নয়, অন্য শিল্পী ও এমনকি প্রোডাকশন বয়দের পারিশ্রমিকও পুরোপুরি শোধ করা হয়নি।”

তার দাবি, ১৬ জুন পরিচালক তাকে জানিয়েছিলেন ২৮ জুন সব পাওনা মিটিয়ে দেওয়া হবে।

“কিন্তু আজ ২৮ জুন—তবুও টাকা দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে অভিনয় সংঘকে মৌখিকভাবে জানিয়েছি। আমি চাই সবাই যেন তাদের প্রাপ্য বুঝে পায়।”

এই অভিযোগকে ঘিরে শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেখানে শিল্পীদের পারিশ্রমিক ও পেশাদার আচরণ নিয়ে আবারও প্রশ্ন উঠছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন