ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ নেটওয়ার্কে ২১৪৮ কোটি টাকার এডিবি ঋণ

২০২৬ সেপ্টেম্বর ০২ ০৮:৩১:০০
পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ নেটওয়ার্কে ২১৪৮ কোটি টাকার এডিবি ঋণ

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে ১৭ কোটি ৫ লাখ ডলার বা প্রায় ২ হাজার ১৪৮ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ অর্থ দুর্গম তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকীকরণ, বিদ্যুৎ সেবার মান উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান ও জীবিকার সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।

গতকাল মঙ্গলবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‘টেকসই জ্বালানি উন্নয়ন ও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সম্প্রদায়ের ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ঋণের অর্থ ব্যয় করা হবে। প্রকল্পের মাধ্যমে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলার ২৬টি দুর্গম উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে।

এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৫ হাজার পরিবারসহ অন্তত ৮৮ হাজার অতিরিক্ত পরিবার সরাসরি উপকৃত হবে বলে জানিয়েছে এডিবি।

প্রকল্পের আওতায় ৮০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার (এমভিএ) ক্ষমতাসম্পন্ন ছয়টি নতুন ৩৩/১১ কেভি সাবস্টেশন স্থাপন করা হবে। পাশাপাশি ৫ হাজার ৩২ কিলোমিটার নতুন বিতরণ লাইন নির্মাণ এবং পুরোনো ১ হাজার ৮৭৪ কিলোমিটার বিতরণ লাইন সংস্কার করা হবে। এ ছাড়া চারটি সাবস্টেশন, একটি সুইচিং স্টেশন ও একটি আঞ্চলিক মেরামত কারখানাও সংস্কার করা হবে।

এসব অবকাঠামো উন্নয়নের ফলে বিদ্যুৎ ব্যবস্থার সিস্টেম লস ও পরিচালন ব্যয় কমবে, গ্রিডের কার্যক্ষমতা বাড়বে এবং দুর্যোগ মোকাবিলায় বিদ্যুৎ ব্যবস্থার সক্ষমতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বছরে অন্তত ১৯ হাজার ৩০০ টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন এড়ানো সম্ভব হবে।

দুর্গম এলাকায় বিদ্যুৎ সুবিধা বাড়বে

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফং ঝাং বলেন, কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সহনশীলতা বাড়াতে নির্ভরযোগ্য বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকল্পটি চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের দুর্গম জনগোষ্ঠীকে নিরাপদ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা দিতে সহায়তা করবে।

তিনি বলেন, এর মাধ্যমে স্থানীয় মানুষের জীবিকার সুযোগ বাড়বে, নারীদের অংশগ্রহণ ত্বরান্বিত হবে এবং বাংলাদেশকে একটি টেকসই ও নিম্ন-কার্বন ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।

এডিবি জানিয়েছে, ২০৩২ সালের মধ্যে প্রকল্পের মাধ্যমে পার্বত্য অঞ্চলে গ্রিড বিদ্যুতের সুবিধাভোগীর হার ৬৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি সৌর ও পিকো-হাইড্রোপাওয়ারসহ ভবিষ্যতের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপযোগী করে বিদ্যুৎ অবকাঠামো গড়ে তোলা হবে।

সৌরবিদ্যুৎ ও পানি সরবরাহেও গুরুত্ব

সামাজিক উন্নয়নের অংশ হিসেবে প্রকল্পের আওতায় অন্তত ৩০টি সৌরশক্তিচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হবে। এসব ব্যবস্থা স্থানীয় কমিউনিটি সংগঠন পরিচালনা করবে। নেতৃত্বপর্যায়ে অন্তত ৩০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত এলাকার স্কুল, হাসপাতাল, মন্দির ও ক্লিনিকসহ অন্তত ২০টি প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার ব্যাকআপ সিস্টেম স্থাপন করা হবে।

প্রকল্পটি স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও ভূমিকা রাখবে। এর আওতায় অন্তত ১ হাজার মানুষকে জীবিকায়ন প্রশিক্ষণ দেওয়া হবে। ২০০ জনের বেশি উদ্যোক্তাকে ব্যবসায়িক ইনকিউবেশন সহায়তা এবং ৩০০ শিক্ষার্থীকে জ্বালানি খাতের ক্যারিয়ার ও দুর্যোগ-সহনশীল বিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে ওরিয়েন্টেশন দেওয়া হবে।

সেবার মান বাড়াতে তিনটি গ্রাহক অভিযোগ কেন্দ্র এবং ডিজিটাল মনিটরিং সুবিধাসহ তিনটি ডে-কেয়ার বা শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। একই সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মীদের গ্রাহকসেবা, বিদ্যুৎ বিতরণ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং দুর্যোগ-সহনশীল প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

জাপানের অনুদানও থাকছে

এডিবির ঋণের পাশাপাশি জাপান সরকারের পরিচালিত ‘জাপান ফান্ড ফর প্রসপারাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ থেকে এডিবির মাধ্যমে প্রকল্পটিতে ২ দশমিক ৭২ মিলিয়ন ডলারের অনুদান দেওয়া হবে।

প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকার ৩৬ দশমিক ৫৪ মিলিয়ন ডলার এবং বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিপিডিবি ৪৫ দশমিক ৬৫ মিলিয়ন ডলার অবদান রাখবে।

এডিবির অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে বিদ্যুৎ অবকাঠামো শক্তিশালী হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সুবিধার আওতা, স্থানীয় কর্মসংস্থান এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন