ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ

২০২৬ সেপ্টেম্বর ০৯ ০৮:৫৩:২৬
স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ

ব্যয় সঙ্কোচনের অংশ হিসেবে ভারতের ব্যবসায় প্রায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়তে বলেছে স্যামসাং ইন্ডিয়া। বর্তমানে প্রতিষ্ঠানটির টেলিভিশন ও গৃহস্থালি সরঞ্জাম ব্যবসায় এ ছাঁটাই প্রক্রিয়া চলছে। তবে সামনে এর পরিধি আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ৮০ থেকে ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধাপে ধাপে এই ছাঁটাই কার্যক্রম চলছে। এতে সদর দপ্তরের পরিচালক ও টিম লিড থেকে শুরু করে শাখা ও এরিয়া ম্যানেজার পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন।

স্যামসাং ইন্ডিয়ার টেলিভিশন ও হোম অ্যাপ্লায়েন্স ব্যবসা কয়েকটি কারণে চাপের মধ্যে রয়েছে। বাড়তি উৎপাদন ব্যয়, কাঁচামালের মূল্যবৃদ্ধি, গ্রাহকদের চাহিদা কমে যাওয়া এবং ব্যবসা পুনর্গঠনের প্রক্রিয়া প্রতিষ্ঠানটির ওপর চাপ তৈরি করেছে। এর সঙ্গে মেমোরি চিপের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়া এবং ভারতীয় রুপির দরপতনও ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে।

বিক্রয়-বিপণন বিভাগেও ছাঁটাইয়ের আশঙ্কা

প্রতিবেদনে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, স্যামসাংয়ের ইলেকট্রনিকস পণ্যের বিক্রয় ও বিপণন বিভাগে কর্মীসংখ্যা প্রায় ২৫ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। এর মধ্যে প্রতিষ্ঠানের নিজস্ব কর্মীদের পাশাপাশি বিভিন্ন কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মীরাও থাকতে পারেন।

ভারতে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রয় বিভাগের বাইরে ইলেকট্রনিকস পণ্যের বিক্রয় দলে প্রায় ৫৫০ থেকে ৬০০ কর্মকর্তা রয়েছেন। ফলে ওই বিভাগে ২৫ শতাংশ পর্যন্ত কর্মী কমানো হলে উল্লেখযোগ্যসংখ্যক কর্মী ছাঁটাইয়ের আওতায় পড়তে পারেন।

ছাঁটাইয়ের শিকার এক কর্মীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে ধাপে ধাপে কর্মীদের চাকরি ছাড়ার চিঠি দেওয়া হচ্ছে। কোনো কোনো কর্মীকে নোটিস পিরিয়ড বা নির্ধারিত কাজের সময়সীমা শেষ হওয়ার আগেই চলে যেতে বলা হয়েছে।

ক্ষতিপূরণ হিসেবে স্যামসাং তিন মাসের বেতনের পাশাপাশি চাকরির প্রতিটি পূর্ণ বছরের জন্য অতিরিক্ত এক মাসের বেতন দেওয়ার প্রস্তাব দিচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্মার্টফোন ব্যবসাতেও চাপ

স্যামসাং ইন্ডিয়ার ওপর শুধু টেলিভিশন ও গৃহস্থালি সরঞ্জামের ব্যবসার চাপ নয়, স্মার্টফোন ব্যবসাতেও নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ভারতীয় রুপির দরপতনের কারণে স্মার্টফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের উৎপাদন ও আমদানি ব্যয় বেড়েছে। একই সময়ে দেশটির স্মার্টফোন বাজারেও বিক্রির গতি কমেছে।

শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন হিসাবের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে স্মার্টফোন বিক্রির পরিমাণ বছরে প্রায় ১১ থেকে ১২ শতাংশ কমেছে। স্যামসাংয়ের জন্য এ ব্যবসা গুরুত্বপূর্ণ, কারণ ভারতে প্রতিষ্ঠানটির মোট আয়ের প্রায় তিন-চতুর্থাংশই আসে মোবাইল ফোন ব্যবসা থেকে।

এদিকে উচ্চমূল্যের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বাজারেও প্রত্যাশা অনুযায়ী অবস্থান শক্ত করতে পারছে না স্যামসাং। কাঁচামালের উচ্চমূল্যও গৃহস্থালি ইলেকট্রনিক পণ্যের ব্যবসায় চাপ বাড়িয়েছে।

সংশ্লিষ্টদের ধারণা, বর্তমান ছাঁটাইয়ের পরও কর্মী কমানোর প্রক্রিয়া শেষ নাও হতে পারে। দীপাবলির পর টেলিভিশন ও হোম অ্যাপ্লায়েন্স ব্যবসায় আরও এক দফা কর্মী ছাঁটাই হতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন