ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়

২০২৬ সেপ্টেম্বর ১০ ০৮:৪১:১২
দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা রুবেল আবারও পরিচালকের চেয়ারে বসছেন। দীর্ঘ দেড় যুগ পর নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। ‘ছায়া : দ্য শ্যাডো’ নামের এই সিনেমায় নায়ক হিসেবে থাকছেন জয় চৌধুরী। সিনেমাটিতে জয়কে দেখা যাবে ‘সুপার হিউম্যান’ চরিত্রে।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও পরিচিতি রয়েছে রুবেলের। এর আগে ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’, ‘টর্নেডো কামাল’সহ মোট ১৬টি সিনেমা পরিচালনা করেছেন তিনি। তবে ২০০৮ সালের পর আর নির্মাণে দেখা যায়নি তাঁকে।

দীর্ঘ বিরতির পর নির্মাণে ফেরার সিনেমা ‘ছায়া : দ্য শ্যাডো’। সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে। জানা গেছে, ভাইরাসকে কেন্দ্র করে গড়ে উঠবে সিনেমাটির গল্প। এতে জয় চৌধুরীর চরিত্রটিকে বিশেষ ক্ষমতাসম্পন্ন ‘সুপার হিউম্যান’ হিসেবে উপস্থাপন করা হবে।

সিনেমাটিতে জয়ের বিপরীতে দুই নায়িকা থাকবেন। তাঁদের একজন বাংলাদেশের এবং অন্যজন কলকাতার। তবে দুই নায়িকার নাম এখনো চূড়ান্ত হয়নি।

ঘোষণা আসছে প্রস্তুতি শেষে

নতুন সিনেমাটি নিয়ে রুবেল এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন জয় চৌধুরী। তিনি জানিয়েছেন, সিনেমাটির গল্প ও পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এখন চলছে প্রস্তুতির কাজ। সবকিছু গুছিয়ে নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।

জয় চৌধুরী সাম্প্রতিক সময়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। এবার রুবেলের নতুন সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় নতুনভাবে নিজেকে তুলে ধরার অপেক্ষায় রয়েছেন তিনি।

সর্বশেষ সিনেমা ‘রক্ত পিপাসা’

রুবেল সর্বশেষ ২০০৮ সালে ‘রক্ত পিপাসা’ সিনেমাটি পরিচালনা করেন। এরপর ধীরে ধীরে নির্মাণের পাশাপাশি অভিনয় থেকেও নিজেকে গুটিয়ে নেন। দীর্ঘ সময় ধরে নতুন সিনেমায় তাঁকে নিয়মিত দেখা যায়নি।

এবার ‘ছায়া : দ্য শ্যাডো’ দিয়ে পরিচালনায় রুবেলের প্রত্যাবর্তন কতটা আলোড়ন তৈরি করে, সেটিই এখন দেখার বিষয়।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন