ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

৩০টির বেশি ব্যাংকের সেবা বন্ধ, ভোগান্তির শঙ্কা

২০২৬ অক্টোবর ০৬ ০৮:৩৭:৩৩
৩০টির বেশি ব্যাংকের সেবা বন্ধ, ভোগান্তির শঙ্কা

কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম উন্নয়ন ও মাইগ্রেশনের কারণে দেশের ৩০টির বেশি ব্যাংকের বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িক বন্ধ থাকছে। ব্যাংকভেদে সেবা বন্ধের সময় ও ধরন আলাদা হলেও এটিএম, কার্ড, অর্থ স্থানান্তর, ই-কমার্স ও বাংলা কিউআরসহ গুরুত্বপূর্ণ কিছু সেবা ব্যাহত হবে।

এতে জরুরি প্রয়োজনে টাকা তোলা, কার্ডে কেনাকাটা কিংবা অর্থ স্থানান্তর করতে গিয়ে গ্রাহকদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এনআরবিসি ব্যাংক, কৃষি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এসবিএসি ব্যাংক, ব্যাংক এশিয়া ও ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ইতোমধ্যে গ্রাহকদের এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম মাইগ্রেশনের কারণে নির্দিষ্ট সময়ে কিছু সেবা বন্ধ থাকবে।

একটি ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের লেনদেন এবং পিওএস সেবা বন্ধ থাকবে। তবে কিছু বিকল্প সেবা চালু থাকবে।

এনআরবিসি ব্যাংকের যেসব সেবা বন্ধ

এনআরবিসি ব্যাংক জানিয়েছে, নির্ধারিত সময়ে তাদের এটিএম ও ক্যাশ রিসাইক্লিং মেশিন, ডেবিট ও ক্রেডিট কার্ডের লেনদেন, অর্থ স্থানান্তর এবং বাংলা কিউআর সেবা সাময়িক বন্ধ থাকবে।

তবে গ্রাহকদের জন্য এনআরবিসি প্ল্যানেট অ্যাপের মাধ্যমে বিকাশ, নগদ ও উপায়ে অর্থ স্থানান্তরের সুবিধা চালু থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্যাংকটি।

সব ব্যাংকে একই সেবা বন্ধ নয়

ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, সব ব্যাংকে একই ধরনের সেবা বন্ধ থাকবে না। কোনো কোনো ব্যাংকে বিকল্প মাধ্যমে লেনদেনের সুযোগ থাকলেও অন্য ব্যাংকে তা নাও থাকতে পারে।

তাই গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের বিজ্ঞপ্তি দেখে কোন সেবা কখন বন্ধ থাকবে এবং বিকল্প কী ব্যবস্থা রয়েছে, তা আগে থেকেই জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

৩৭ ব্যাংক কিউ-ক্যাশের আওতায়

কিউ-ক্যাশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৩৭টি ব্যাংক এই নেটওয়ার্কের আওতায় সেবা দিচ্ছে। ফলে একই সময়ে বিপুলসংখ্যক ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা সীমিত থাকায় গ্রাহকদের ওপর এর প্রভাব পড়তে পারে।

বিশেষ করে জরুরি সময়ে এটিএম থেকে টাকা তোলা, কার্ডে কেনাকাটা বা অর্থ স্থানান্তরের প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থা না থাকলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকেরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে নেটওয়ার্কটির আওতাভুক্ত ব্যাংকগুলোর কিছু সেবা সাময়িক বন্ধ থাকবে।

তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগে থেকে জানানো হয়নি। তবে ব্যাংকগুলোকে গ্রাহকদের আগেই বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানাতে পরামর্শ দেওয়া হয়েছে। এতে গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী বিকল্প ব্যবস্থা নিতে পারবেন এবং ভোগান্তি কমানো সম্ভব হবে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন